বাম দলগুলোর হরতালে প্রগতিশীল ছাত্রজোটের সমর্থন
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এ কথা জানান।
গত বৃহস্পতিবার বিইআরসি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এর প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর সারাদেশে আধাবেলা হরতালের কর্মসূচি জানায় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।
হরতালের সমর্থনে ছাত্র সমাজকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে লিখিত বক্তব্যে নাসির উদ্দিন প্রিন্স বলেন, “সরকার নির্বাচনী ব্যয় মেটাতে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে দাম কমানো হয়নি।
“স্বল্প উৎপাদন খরচের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে তেলভিত্তিক উচ্চমূল্যের কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ কিনছে। ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ছে। তথাকথিত লোকসানের কথা বলে আবারো বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।”
তিনি বলেন, “পিডিপির দাবি ব্যয় সাশ্রয় করে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৫৫ পয়সা কমানো সম্ভব। সরকার জনগণের পকেট কেটে বিদ্যুৎ ব্যবসায়ীদের ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হওয়ার পথ করে দিচ্ছে।
“সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হাতের নাগালে নেই। এ ব্যয় বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস তুলেছে। এর প্রভাব স্বাভাবিকভাবেই অন্য খাতের ওপর প্রভাব ফেলছে।”
হরতালের সমর্থনে মঙ্গলবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রচার মিছিল ও বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক স্নেহার্দ্রি চক্রবর্তী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য সাদেকুল ইসলাম প্রমুখ।
