বিকালে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মহিউদ্দিন চৌধুরীকে
চট্টগাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স বর্ষীয়ান এই রাজনীতিককে নিয়ে ঢাকা ছাড়বে বলে জানিয়েছেন তার ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গুরুতর অসুস্থ হওয়ার পর রোববার থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।
দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনির জটিলতায় ভোগা ৭৪ বছর বয়সী মহিউদ্দিনকে শনিবার রাতে বন্দরনগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে রোববার দুপুরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
এরপর তার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে জানিয়ে মঙ্গলবার নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, অবস্থা আরেকটু ভালো হলে কিডনিতে অস্ত্রোপচারের জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
বৃহস্পতিবার নওফেল বলেন, “বাবার অবস্থা এখন কিছুটা স্ট্যাবল। অপারেশনের জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। বেলা ২টায় ঢাকা বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ড করবে। পরে উনারা (সিঙ্গাপুরের হাসপাতাল কর্তৃক্ষ) তাদের প্রক্রিয়া অনুযায়ী বাবাকে সিঙ্গাপুর নিয়ে যাবে।”
