২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমবেদনা জানাতে সৈয়দ আশরাফের বাসায় কাদের

স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের বাসভবনে গিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 05:15 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডে জনপ্রশাসন মন্ত্রী আশরাফের সরকারি বাসভবনে যান কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ বলেন, “সৈয়দ আশরাফ স্যারের স্ত্রীর জন্য দোয়া মাহফিলের দিন বেলা ১১টার দিকে স্যার উনার বাসায় গিয়েছিলেন। মূলত সমবেদনা জানাতেই গিয়েছিলেন। কিছুক্ষণ উনারা দুজন বসে কথা বলেছেন।”

ওবায়দুল কাদেরের জনপ্রশাসন মন্ত্রীর বাসভবনে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওবায়দুল কাদের স্যার সমবেদনা জানাতে এসেছিলে। এজন্য আশরাফ ভাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

“তখন কাদের সাহেব আশরাফ ভাইকে বলেন, আপনি দুইবারের সফল সাধারণ সম্পাদক, আপনার সহযোগিতা চাই।”

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ অক্টোবর মারা যান।

ক্যান্সারে আক্রান্ত শিলা ইসলাম লন্ডনের ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

পুরনো খবর:

সৈয়দ আশরাফের স্ত্রী শিলার মৃত্যু