২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনমন্ত্রী কি নিজেকে চিফ জাস্টিস মনে করেন: রিজভী

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে জটিলতা নিরসনে আপিল বিভাগের বিচারকদের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 03:47 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

পুরনো খবর:

চাকরিবিধি: বৃহস্পতিবার বিচারপতিদের সঙ্গে বসছেন আইনমন্ত্রী

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওই গেজেট প্রকাশের জন্য সর্বোচ্চ আদালত রাষ্ট্রপক্ষকে ২৯তম বারের সময় দেওয়ার পর বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আপিল বিভাগের সঙ্গে বসবেন বলে রোববার জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর প্রতিক্রিয়ায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “এখন আইনমন্ত্রী নিজেকে চিফ জাস্টিস মনে করছেন কি না সেটা নিয়ে আলোচনা চলছে মানুষের মধ্যে। যেভাবে প্রধান বিচারপতিকে (সুরেন্দ্র কুমার সিনহা) জোর করে ছুটিতে পাঠানোর ঘটনা থেকে এই ঘটনা পর্যন্ত যেটা মনে হচ্ছে- তিনি (আইনমন্ত্রী) নিজেকে মনে করছেন যে, তিনি প্রধান বিচারপতি বা তার চাইতেও বড়ো কিছু।

“এটা আমার মনে হয় যে, মাননীয় অ্যাপিলেট ডিভিশন বিষয়টি সেভাবে দেখবেন। তাদের মর্যাদা, সর্বোচ্চ আদালতের মর্যাদা- সেটা সুরক্ষিত হোক।”

রোববার আপিল বিভাগের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘‘ এ মামলায় আমরা আবারও চার সপ্তাহ সময় নিয়েছি। আমি আদালতকে জানিয়েছি, বিষয়টির কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে আপিল বিভাগের সঙ্গে বসতে চান আইনমন্ত্রী আগামী বৃহস্পতিবার হয়তো বসতে পারেন।”

আইনমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, এসব বিষয়ে সরকারের পক্ষে একজন প্রধান আইন কর্মকর্তা আছেন অ্যাটর্নি জেনারেল, তিনি আইনি প্রক্রিয়ায় কাজ করবেন। কিন্তু অ্যাপিলেট ডিভিশনের সাথে আইনমন্ত্রী কথা বলবেন- এটা জনমনে একটা বড় প্রশ্ন তুলেবে।

“আইনমন্ত্রী যেভাবে নিজেকে তুলে ধরছেন অর্থাৎ সবার উপরে নির্বাহী বিভাগ ও নির্বাহী বিভাগের প্রধান। সেক্ষেত্রে তিনি (আইনমন্ত্রী) বেআইনি যে কাজগুলো করছেন তা দৃষ্টিকটু। তিনি নিজেকে ক্ষমতাশালী মনে করছেন, ক্ষমতাবান মনে করছেন অনেক- এটা ঠিক নয়।”

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপি নেতাকর্মীরা যথারীতি দলীয় প্রধান খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদ ভবনের পাশে শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেবে বলে জানান রিজভী।

তিনি বলেন, “এটা একটি জাতীয় দিবস। স্বাধীনতার ঘোষক ওই বিপ্লবের মহানায়কের মাজার। মাজার এলাকায় এমনিতেই সুশৃঙ্খল পরিবেশ থাকে, ভাবগম্ভীর পরিবেশ থাকে এবং যথাযোগ্য মর্যাদায় সেখানে নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন তাদের নেতাকে।”

তবে জাতীয় সংসদ ভবনে চলমান কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের ‘অজুহাত দিয়ে’ সরকার সেখানে যেতে না দিলে তা ‘গভীর নীল-নকশার অংশ, গভীর ষড়যন্ত্রের অংশ’ প্রতীয়মান হবে বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়ার কথা জানিয়ে রিজভী বলেন, “আমরা বিশ্বাস করি যে, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা সমাবেশের অনুমতি দেবে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ ও মুনির হোসেন উপস্থিত ছিলেন।