২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে খালেদা

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ঢাকা থেকে যাত্রা করার দুই দিনের মাথায় কক্সবাজারে পৌঁছেছেন খালেদা জিয়া।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

কক্সবাজার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 08:33 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

রোববার বেলা সোয়া ১২টায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে রাত ৮টায় কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছান তিনি।

সেখানে আগেই অবস্থান নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল, হাসিনা আহমেদ, জেলা সভাপতি শাহজাহান চেৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান।

সোমবার খালেদা জিয়ার উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের কথা রয়েছে।

মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান সকাল ৯টায় ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য ত্রাণ সামগ্রী সেনা সদস্যদের কাছে হস্তান্তর করবেন। পরে খালেদা জিয়া শরণার্থী শিবিরে যাবেন বলে নেতারা জানিয়েছেন।

শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে যাত্রা করে রাতে চট্টগ্রামে পৌঁছান খালেদা জিয়া।

পথে পথে মানুষের ঢল

ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময়ে শনিবার বিকালে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরিপ্রেক্ষিতে এদিন কক্সবাজারের পথে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

চট্টগ্রাম থেকে কক্সবাজারের ১৭০ কিলোমিটারের পথে পথে অর্থাৎ কর্ণফুলী ব্রিজ, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়া, লোহাগড়া, রামু প্রভৃতি স্থানে হাজার হাজার নেতা-কর্মী রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি ও শ্লোগান দিয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানায়।

বিএনপি চেয়ারপারসন গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে নেতা-কর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

কর্ণফুলী সেতুর কাছে দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী ব্রিজ সংলগ্ন পুরাতন ফিশারিজ মার্কেট সড়কে চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, ফিরিঙ্গি বাজারে স্থানীয় নেতা শামসুল আলম ও এরশাদ উল্লাহ এবং বোয়ালখালীতে সাবেক সাংসদ সারোয়ার জামাল নিজাম, সাতকানিয়ায় মজিবুর রহমান (চেয়ারম্যান), শেখ মুহাম্মদ মহিউদ্দিন, মোস্তফা আমিন, চন্দ্রনাইশে মহসিন জিল্লুর, মঞ্জুর আলম তালুকদার, মিজানুল হক চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা বিশাল ‘শোডাউন’ করে। এসব স্থান দিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর এগিয়ে নিতে নিরাপত্তা কর্মীদের বেশ বেগ পেতে হয়।

পটিয়ায় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর বহরে দুটি হাতি সাজিয়ে নেতাকর্মীদের সঙ্গে হাজির করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম। এরপর পটিয়া বাজারে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলসহ কয়েক হাজার নেতা-কর্মী করতালিতে নেত্রীকে শুভেচ্ছা জানান।

সাতকানিয়ার কেরানী হাটের আগে সা চিং পুরো জেরি এবং চকোরিয়ার লামাবাজারে জেলা সভাপতি ম্যা মা চিংয়ের নেতৃত্বে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

কয়েক বছর ধরে ভারতে অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা চকোরিয়া পৌরসভা সড়ক ও আজিজনগরে নেতা-কর্মীরা দুই পাশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান।