হঠাৎ করে বললেই নির্বাচনে যাব না: অলি আহমদ
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, জোট নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও প্রস্তুতি না থাকলে সেই নির্বাচন থেকে বিরত থাকবে তার দল।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে নির্বাচনের দিকে এগিয়ে আসতে হবে। আপনারা (দলের নেতাকর্মী) মতামত দিয়েছেন নির্বাচনে যাবেন, আমিও বলছি এলডিপির পক্ষ থেকে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব।
অলি আহমদ (ফাইল ছবি)
দেশের উন্নতি ও শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখতে নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠু ও অবাধ নির্বাচন দরকার। বহুদিন ধরে দেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না। দেশে গত ১০ বছর ধরে দিনের বেলা নির্বাচন হয় না, সব নির্বাচন এখন রাত্রে হয়ে থাকে। “
সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে থানার ওসি ও টিএনওদের ক্ষমতা অপব্যবহারের কথা বলেন এলডিপি সভাপতি।
“এই দেশে সবচেয়ে বড় রাজনীতিবিদ হচ্ছেন থানার ওসি, টিএনও। টিএনও-ওসি যা চায় সেটাই হয়। তারা সবাই আওয়ামী লীগের সদস্য। তারা আওয়ামী লীগকে চালায়, এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। তা না হলে গণতন্ত্র আসবে না।”
সভায় সরকারের উদ্দেশ্যে বেশ কিছু দাবি তুলে ধরে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। গত ১০ বছর দেশের যেসব এলাকায় অস্ত্র প্রদর্শন হয়েছে সেইসব অস্ত্র উদ্ধার করেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠানকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের মহাসচিব রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সমস্য আবদুল গনি ও কামালউদ্দিন মুস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য দেন।
