২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগঠনের নেত্রীকে ‘মারধরে’ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সংগঠনের এক নেত্রীকে মারধরের অভিযোগে ঢাকার মিরপুরের বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান অনিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 01:42 AM

Updated : 19 Aug 2022, 05:50 PM

Image
মজিবুর রহমান অনিক

মজিবুর রহমান অনিক

কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শুভ্রা মাহমুদ জ্যোতির অভিযোগ, অনিকের ‘প্রতারণার শিকার’ একটি মেয়ের পাশে দাঁড়ানোয় তার ওপর হামলা করা হয়েছে।

তিনি মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনিকের সঙ্গে ইডেন কলেজের এক ছাত্রীর প্রেম ছিল। ওই মেয়েকে বিয়ের কথা বলে অনিক তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন আগে অনিক অন্য একটি মেয়েকে বিয়ে করে।

“এ নিয়ে ওই তরুণী অনিকের নামে মামলা করতে চায়। দুদিন আগে সে আমার বাসায় এসে আশ্রয় নেয়। মেয়েটিকে নিয়ে আজকে মিরপুর থানায় গিয়েছিলাম। খবর পেয়ে অনিক নেতাকর্মী নিয়ে আমার বাসায় এসে আমাকে মারধর করে এবং আমার অনেক স্বর্ণালঙ্কার নিয়ে যায়।”

অনিকের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া গ্রামে।

ছাত্রলীগের কাফরুল থানার নেত্রী ও মিরপুর বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ফাতেমাতুজ জোহরা বৃষ্টির আত্মহত্যায় প্ররোচণার মামলায়ও অনিক আসামি বলে জানান শুভ্রা।

এর আগে ২০১৫ সালেও অনিক তাকে মারধর করেছিলেন অভিযোগ করে এই ছাত্রলীগ নেত্রী বলেন, “সে সময় বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলাম। ওই ঘটনায় মিরপুর থানায় মামলাও করেছিলাম।”

অনিককে বহিষ্কারের কথা জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “ছাত্রলীগে কোনো অপরাধীর প্রশ্রয় নেই। ঘটনা শোনার সঙ্গে সঙ্গ আমরা  অনিককে সংগঠন থেকে বহিষ্কার করেছি।”