২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ-বিজেপি সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে: হানিফ

ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়তে চায় বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 05:55 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

ঢাকার সোনারগাঁও হোটেলে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠকে তা নিয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

ঢাকা সফররত বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে সকালে আলোচনা ও প্রাতঃরাশ সারে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

হিন্দুত্ববাদী দল বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনার বিষয়ে হানিফ সাংবাদিকদের বলেন, “ভারতের সাথে আমাদের দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ সম্পর্ক দুই দলের মধ্যে আরও যেন গভীর হয় সেই বিষয়ে আমাদের পরস্পরের সাথে আলোচনা হয়েছে। 

“আমরা আশা করি, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাথে আমাদের সম্পর্ক ক্রমান্বয়ে আরও গভীর থেকে গভীরতর হবে।”

দুই দেশকে এগিয়ে নিতে উভয় দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সম্পর্কোন্নয়নে জোর দেন আওয়ামী লীগ নেতা।

ভারতের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে ‘অনানুষ্ঠানিক এই সৌজন্য সাক্ষাৎ’ অনুষ্ঠানে আলোচনায় মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর বিষয়টিও আসে।

হানিফ বলেন, “বিশ্ববাসী যেমন মনে করে রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই করতে হবে, ভারতও সেটাই মনে করে। ভারতও আশা করে মিয়ানমার এ সমস্যা সমাধানের উদ্যোগ নেবে এবং সমাধান হবে।” 

আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।