২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুল, কামাল, হেলাল, টুকু, নীরবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকার মিরপুরে দুই বছর আগের নাশকতার দুই মামলায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 01:52 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

এ দুই মামলায় ৪১ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সোমবার পরোয়ানা জারির এই আদেশ দেন।

আসামিদের মধ্যে বিএনপি নেতা আমানউল্লাহ আমান, রফিকুল ইসলাম মিয়া, হাবীব উন নবী খান সোহেলসহ ১৮ জন জামিনে আছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরে মিরপুর থানার এসআই মাসুদ রানা বিস্ফোরক দ্রব্য আইন এবং গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করেন।

তদন্ত শেষে ওই থানার এসআই জাহিদুল ইসলাম গতবছরের ২৪ জুলাই আদালতে অভিযোগপত্র দেন।

অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল জানান, অভিযোগপত্রে মোট ৪২ জনকে আসামি করা হলেও তাদের মধ্যে বিএনপিকর্মী সালমান খান সবুজ মারা যান। এ কারণে তার নাম বাদ দিয়ে মোট ৪১ জনের বিরুদ্ধে মামলা আমলে নিয়েছেন বিচারক।