খালেদার শুভেচ্ছা বার্তা নিয়ে পূজা মণ্ডপে ফখরুল
খালেদা জিয়ার শারদীয়া শুভেচ্ছা বার্তা সনাতন ধর্মাবলম্বীদের পৌঁছে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বৃহস্পতিবার রাতে ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ভক্ত-পুণ্যার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকে আপনাদের সামনে এসেছি, আমাদের দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানানোর জন্যে।
“আপনারা জানেন, দেশনেত্রী চিকিৎসার জন্য বিদেশে আছেন। তিনি আমাকে বলেছেন যে, তুমি যখন যাবে আমার শুভেচ্ছা তাদের কাছে পৌঁছে দিও।”
(ফাইল ছবি)
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, দেবী দুর্গা যে আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে অশুরকে পরাজিত করার জন্য, অন্যায়কে পরাজিত করার জন্য, নির্যাতন-নিপীড়নকে পরাজিত করার জন্য, সত্য-সুন্দরকে প্রতিষ্ঠা করার জন্য এবং তিনি (দেবী দুর্গা) পরাজিত করেছিলেন সেই অশুরকে, অসত্যকে, অসুন্দর ও অন্যায়কে। সেজন্য এই পূজা সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা।
“আমরা এখন এই পৃথিবীতে একটা নষ্ট সময়ের মধ্যে বাস করছি। আমরা দেখছি যে, হিংসা-প্রতিহিংসা, গণহত্যা-হত্যা, মানুষ মানুষকে হত্যা করছে, পশুর মতো নির্যাতন করছে। এই পশুত্বকে পরাজিত করা, এই পশুত্বকে হারিয়ে দেওয়া, মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা, মানবতার জয়গান গাওয়া- এটা ছিলো দেবী দুর্গার একান্ত লক্ষ্য, তিনি সফল হয়েছিলেন।”
ঢাকেশ্বরী মন্দিরের অনেক জমি বেহাত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “আমি শুনেছি যে, এই মন্দিরের অনেক জমি-সম্পত্তি বেহাত হয়ে গেছে এবং কিছুদিন ধরে এটা অনেকেই দখল করে নেওয়ার চেষ্টা করছে। আমার মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামার বাবর সাহেব নির্দেশ দিয়েছিলেন এখানে যে সমস্ত দখলদার আছে, অবৈধ দখলী আছে তাদের উচ্ছেদ করার জন্য। তারা উচ্ছেদ করেছিলেন।
“আমরা এটুকু আশ্বাস দিতে পারি যে, আমরা আপনাদের পাশে আছি, সব সময় থাকব এবং আপনাদের ন্যায়সঙ্গত অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করব।”
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, সানাউল্লাহ মিয়া, মহানগর দক্ষিণের কাজী আবুল বাশার, নাসিমা আখতার কল্পনা, হাজী রফিকুল ইসলাম রাসেল, মীর আশরাফ আলী আজম, শামসুন্নাহার ভুঁইয়া, সাঈদা মোরশেদ, আবদুল মোত্তা্লেব, নাসিমা রশীদ পুতুল প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিএনপির আগে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র আ স ম আবদুর রব, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াসহ বিভিন্ন দলের নেতারা ঢাকেশ্বরী মন্দিরে এসে হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও তার পরিবারের সদস্য ও হাই কমিশনের কর্মকর্তাদের নিয়ে বিকালে ঢাকেশ্বরী মন্দিরে এসে পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং ভক্ত ও পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
