২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন লন্ডনে কোনো কর্মসূচি নেই খালেদার

লন্ডনে দুই ছেলের পরিবারকে নিয়ে এবার ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 07:53 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

দেশে ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়করে এলেও লন্ডনে সেই ধরনের কোনো কর্মসূচি নেই বলে বিএনপির লন্ডন শাখার সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল মালেকের সঙ্গে কথা বলে জানা গেছে।

চিকিৎসার জন্য এবার যুক্তরাজ্যে গিয়ে ছেলে তারেক রহমান, দুই ছেলেবৌ এবং নাতি-নাতনীদের নিয়ে কোরবানির ঈদ করবেন খালেদা। তারেকের বাসায় রয়েছেন তিনি।

মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসা চলমান থাকায় বিশ্রামে আছেন তিনি (খালেদা)। আমি যতটুকু জেনেছি, পরিবারের সবাইকে নিয়ে তিনি ঈদের দিনটি কাটাবেন।”

তারেকের বাসায় থাকা খালেদার সঙ্গে দেখা করতে উন্মুখ হয়ে আছেন বিএনপির প্রবাসী নেতা-কর্মীরা।

মালেকও বলেন, “নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঈদের শুভেচ্ছা বিনিময় তারা করতে চান। আমরা প্রত্যাশা করছি, তিনি সুস্থ হয়ে উঠলে তার অনুমতি নিয়ে যথাসম্ভব দ্রুত সময়ে একটি দলীয় অনুষ্ঠানের ব্যবস্থা করব।

“তবে ঈদের দিন চেয়ারপারসনের কোনো দলীয় অনুষ্ঠান নেই।”

সর্বশেষ ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর খালেদা লন্ডনে যান। সেবার ছেলে তারেক রহমান ও তার স্ত্রী-মেয়ে এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঈদ উদযাপন করে দেশে ফেরেন তিনি।

এবার খালেদা জিয়া চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডন যান। ৮ অগাস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখের অস্ত্রোপচার হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

ঈদের খুশি ভাগাভাগির আহ্বান

বাংলাদেশে উত্তরাঞ্চলে বন্যার্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন বলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বন্যায় মানুষের ঘর-বাড়ি ভেসে গেছে, আসবাপত্র ভেসে গেছে, জোতজমি ভেসে গেছে, গবাদি পশু ভেসে গেছে, মানুষের প্রাণহানি ঘটেছে- সে ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। তার খুব মন খারাপ।

“তিনি আহ্বান জানিয়েছেন, আমাদের ঈদের খুশি যেন সেই সমস্ত বানভাসী মানুষের সাথে আমরা শেয়ার করি, আমাদের সকল আয়োজন যেন তাদেরকে নিয়ে করতে পারি।”