২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় ঐক্যের’ ডাক বি চৌধুরী-কামালের

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘বিকল্প রাজনৈতিক জোট’ বা ‘বৃহত্তর রাজনৈতিক শক্তির উত্থান’ ঘটাতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দিয়েছেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও কামাল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 05:39 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

বৃহস্পতিবার বিকল্পধারা সভাপতি বি চৌধুরীর প্যাডে তার প্রেস সচিব জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো তাদের যৌথ ঘোষণার কথা জানানো হয়।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির এক সময়ের নেতা বি চৌধুরী এবং গণফোরাম সভাপতি ও আওয়ামী লীগের এক সময়ের নেতা কামাল হোসেন দুই প্রধান জোটের বাইরে আলাদা জোট গড়তে সক্রিয় রয়েছেন।

তাদের যৌথ ঘোষণায় দেশের বর্তমান পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে বলা হয়, “এই পরিস্থিতিতে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একটি অহিংস বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তোলা সময়ের দাবি।”

দশম সংসদ নির্বাচনের আগে এনডিএফ নামে একটি জোট গঠন করেছিলেন বি চৌধুরী, যাতে কৃষক, শ্রমিক, জনতা লীগের আবদুল কাদের সিদ্দিকী এবং জাসদের (জেএসডি) নেতা আ স ম আবদুল রবও ছিলেন।

এবারও একটি জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছেন বি চৌধুরী, এই প্রক্রিয়ায় কামাল হোসেনের পাশাপাশি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও যুক্ত রয়েছেন।

Image
২০১২ সালে এই অনুষ্ঠানে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও কামাল হোসেন

২০১২ সালে এই অনুষ্ঠানে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও কামাল হোসেন

তার আগে ২০০৮ সালের নির্বাচনের সময় যুক্তফ্রন্ট গড়ার ঘোষণা দিয়েছিলেন বি চৌধুরী ও কামাল হোসেন। তারপর ২০১২ সালে একবার তারা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন।

যৌথ ঘোষণায় একটি বৃহত্তর রাজনৈতিক শক্তির উত্থান ঘটানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বলা হয়, “দেশকে যারা ভালোবাসেন, যারা দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী, তাদেরকে একটি প্রগতিশীল, পাহাড় ও সমতলের মানুষসহ সকল সম্প্রদায়ের পূর্ণ অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া আহবান জানাচ্ছি।”

রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার ‘অর্থবহ পরিবর্তনের’ লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান প্রবীণ এই দুই রাজনীতিক।

পুরনো খবর:

রবের বাড়িতে মধ্যরাতের বৈঠকে পুলিশের বাগড়া 
বি চৌধুরীর বাড়িতে বৈঠকে জি এম কাদের