২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার লন্ডনবাসে শঙ্কায় আ. লীগ

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচন ‘ভণ্ডুল করে অশুভ শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র’ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 09:20 PM

Updated : 12 Apr 2022, 12:01 AM

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যশানালিস্ট পার্টির (ন্যাপ) ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নাসিম বলেন, “খালেদা জিয়া আপনি চিকিৎসা করতে, পরিবারে লোকজনের সাথে দেখা করতে বিদেশে যাওয়ার দরকার যান। আমরা আশা করছি, আপনি ফিরে আসবেন, আর না আসলে রাজনৈতিকভাবে বিলীন হয়ে যাবেন।”

তবে বিএনপি চেয়ারপারসনের লন্ডনবাসে ভিন্ন কিছু হওয়ার আশঙ্কা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “নতুন করে সংকট সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে বিএনপি। আমরা আশঙ্কা করছি, লন্ডনে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি।

“আমরা সিদ্ধান্ত নিয়েই বলছি, বেগম খালেদা জিয়ার দল নির্বাচনকে ভণ্ডুল করা যায় কীভাবে সে চেষ্টা করছে। তা না হলে কীভাবে একজন দায়িত্বশীল নেতা বলতে পারে, ‘নির্বাচন করতে দেওয়া হবে না’।

বুধবার বরিশালে দলীয় এক সভায় বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধানের দোহাই দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

তার ওই কথার সূত্র ধরে নাসিম বলেন, “নির্বাচন না হলে কী হবে, অশুভ শক্তি ক্ষমতায় আসবে। এই কাজটি তারা করতে চায়। যে কাজটি তারা করেছিল ২০০৬-৭ সালে। ইয়াজউদ্দিনকে তারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছিল নির্বাচন তারা চায় না বলে।

“তারা নির্বাচন চায়নি বলে একটা ওয়ান ইলেভেন এসেছিল। এখনও তারা চক্রান্ত করছে, কারণ ভোটের মাধ্যমে তারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। সেই জন্যই তারা চাচ্ছে নির্বাচন বানচাল করতে।”

তবে বিএনপির কোনো হুমকি-ধমকি কাজে আসবে না মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা স্পষ্ট বলতে চাই, ভয় দেখাবেন না। হুমকি দিবেন না।

“আপনারা যেই কাজটা করতে চাচ্ছেন এই কাজটা আপনাদের কোনো দিন করতে দেওয়া হবে না। কোনো ফাঁক-ফোকর রাখব না। অন্ধকারে বসে চক্রান্ত বন্ধ করুন, হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না।”

বিএনপি নেতাদের নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, “আপনাদের কোনো সাজেশন থাকলে নির্বাচন কমিশনের সাথে বসুন। তাদের সাজেশন দিন। আমাদের কোনো সমস্যা নাই।”

নির্বাচন নিয়ে আর বিতর্ক চান না জানিয়ে তিনি বলেন, “পাঁচ বছর পরপর বার বার নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি করে দেশকে আর পিছিয়ে নিতে চাই না। সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বার বার নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি করার বিলাসিতা এদেশের মানুষ আর দেখতে চায় না।”

নির্বাচনে আসা ছাড়া বিএনপির ‘কোনো পথ নেই’ বলে দাবি করেন বিমানমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, “নির্বাচন সামনে রেখে বিএনপি সেই পুরোনো কিচ্ছা- কাহিনী সামনে নিয়ে আসছে। ইচ্ছে করে বিএনপি কীভাবে নির্বাচনকে বিভ্রান্ত করা যায় সেই চেষ্টা করছে।

“বাস্তবে নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোনো পথ নেই।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “আমরা মনে করি, বিএনপি প্রতিক্রিয়াশীল রাজনীতি করে, তাদের আচরণ মুসলিম লীগের মতো। বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

“এ দেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো একটা দলকে বিরোধী দল হিসাবে দেখতে চাই।”

ন্যাপের কার্যকরী সভাপতি আমিনা আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদের অপর অংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বক্তব্য রাখেন।