বরফ গলতেই হবে: ফখরুল
আগামী নির্বাচন কীভাবে হবে, সেই প্রশ্নে সৃষ্ট ‘সঙ্কট’ নিরসনে আলোচনার মাধ্যমেই ‘বরফ গলাতে’ হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেছেন, সমঝোতার মাধ্যমে বরফ গলবে; তিনি আশাবাদী। তা না হলে সরকারকে ‘মূল্য দিতে হবে’।
“আমি প্রতি মুহূর্তে আশা করি, গুড থিংস উইল কাম আউট, ভালো জিনিস আসবেই। বরফ একদিনে নাও গলতে পারে, গলতেও পারে। তবে আমি আশাবাদী, বরফ গলতেই হবে। এই ধরনের অচলাবস্থা চলতে পারে না। এটা বিজ্ঞান বলে না, রাষ্ট্রবিজ্ঞান বলে না।”
দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির দাবি, আগামী জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় ‘সহায়ক সরকারের’ অধীনে। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে তা মেনে না নেওয়ার কথাও বিএনপি নেতারা বলে আসছেন।
কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলোপের পর এখন দলীয় সরকারের অধীনেই নির্বাচন করার নিয়ম, যেমনটা হয়েছিল ২০১৪ সালে। ২০১৮ সালের শেষে সেভাবেই জাতীয় নির্বাচন হবে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা জোরের সঙ্গে বলে আসছেন।
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজের কক্ষে সাংবাদিকদের সঙ্গে আগামী নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত তাদের (ক্ষমতাসীনদের) শুভবুদ্ধির উদয় হবে। আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতার রাস্তা বেরুবে।”
সঙ্কটের উত্তরণ না হলে তার দায় ক্ষমতাসীনদের নিতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “নইলে মূল্য দিতে হবে তাদেরকে, দায়টা তাদের ওপেই বর্তাবে।”
এ ক্ষেত্রে বিএনপির করণীয় জানতে চাইলে ফখরুল বলেন, তার দল আছে ‘অপজিশনে’, তাও সংসদে নেই।
“যা যা করা দরকার আমরা বলে দিয়েছি। এখন আপনি সেটা গ্রহণ করবেন কিনা, কতটুক গ্রহণ করবেন, আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টা ঠিক করুন।”
ফখরুল দাবি করেন, বিএনপি সব সময়ই সংলাপ ও আলোচনার কথা বলে এলেও সাড়া পায়নি।
“আমরা বার বার বলছি যে সেইভ দি কান্ট্রি, সেইভ দি নেশন। এটা করতে হলে অবশ্যই বিরোধীদলের সাথে আলোচনা করতে হবে, বসতে হবে। আপনারা দেখবে… মরুভূমিতে ঝড় এলে উটপাখির মত বালুর তলে মাথা ঢুকিয়ে দেবেন… তাতে ঝড় যাবে না। অন্ধ হলে কী প্রলয় বন্ধ হবে? হবে না।”
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগের কথা বলতে গিয়ে ফখরুল স্বাধীনতার আগে পাকিস্তানের শাসকদের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচনার প্রসঙ্গও তোলেন।
“এদেশের ইতিহাসে দেখবেন বহুবার আলোচনা হয়েছে। আলোচনা করেই সব ঠিক-ঠাক হয়েছে। আপনাদের নেতা কি আইয়ুব খান, ইয়াহিয়া খানের সাথে বৈঠক করে নাই? বহুদিন পর্যন্ত তখন আলোচনা হয়েছে। কেন হবে না?”
সহায়ক সরকারের প্রস্তাব ‘শিগগিরই’
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কীভাবে হওয়া উচিৎ- সে বিষয়ে বিএনপির মতামত ইতোমধ্যে তারা জাতির সামনে তুলে ধরেছেন।
“আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে প্রস্তাব দিয়েছি। নির্বাচনের সময়ে সেনা বাহিনীর ভূমিকা কী হওয়া উচিৎ তা বলেছি। এখানে গোপন কিছু নেই।”
“নিরপেক্ষ ও ইনক্লুসিভ এবং সকল দল অংশগ্রহণে যাতে নির্বাচন করা যায়, সেজন্য নিরপেক্ষ সহায়ক সরকারের কথা বলে দিয়েছি। খুব শিগগিরিই আমাদের নেত্রী সহায়ক সরকারের ব্যাপারে প্রস্তাব নিয়ে জনগণের কাছে আসবেন। আমরা মনে করি, তা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।”
ফখরুলের ভাষায়, স্বাভাবিক অবস্থায় নির্বাচন হলে ‘ক্ষমতা ধরে রাখা যাবে না বুঝতে পেরেই’ আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করার অবস্থান নিয়েছে।
“উনারা কী চান আমি বুঝতে পারি না, সরকার আসলে কী চায়? তারা কী এখানে আফগানিস্তানের মত হামিদ কারজাই মার্কা একটা সরকার চালাতে চান? তারা কি এখানে একটা লিবিয়া, ইরাক বা সিরিয়ার মতো সরকার চালাতে চান?
“আমরা বলতে চাই, এটা বাংলাদেশে সম্ভব হবে না। কারণ এদেশের মানুষ ২০০ বছর ধরে ডেমোক্রেটিক মাইন্ডের, গণতন্ত্রের জন্য তারা সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধ করেছে। ইট ইজ নট পাকিস্তান, এটা আফগানিস্তানও না। এখানকার মানুষ অত্যন্ত সচেতন, গণতন্ত্রের জন্য তারা যুদ্ধ করেছে।”
বিএনপি মহাসচিব বলেন, ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তখনকার পাকিস্তানি শাসকরা শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীত্ব না দেওয়ায় বাংলাদেশের মানুষ সে সময় ‘অধিকার রক্ষায়, গণতন্ত্রের জন্য’ আন্দোলনে নেমেছিল।
“দুঃখের বিষয়, আফটার লিবারেশন ওই দলটি, ওই মানুষগুলো আমাদের অধিকার কেড়ে নিয়েছে। কোথায় যাব আমরা? এজন্য আমরা বুঝি- লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে যতদিন পর্যন্ত জয়ী না হওয়া যায়।”
