‘আবদার’ বিএনপির থাকতে পারে: কাদের
নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের কোনো আবদার নেই জানিয়ে দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিরও যেন কোনো আবদার না থাকে।
নির্বাচন কমিশনও যেন কারও কোনো ‘আবদার’ না শুনে সংবিধান অনুযায়ী নির্বাচন দেয়, সে অনুরোধ করেছেন তিনি।
রোববার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সম্প্রতি খালেদার জিয়ার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বেগম জিয়া নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের আবদার যেন কানে না শুনেন। আমি তাকে বলতে চাই, আওয়ামী লীগের কোনো মামা বাড়ির আবদার নেই, সেটা বিএনপির থাকতে পারে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার এক ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা রেখে সরকারের ‘আবদার’ পালন না করার আহ্বান জানান।
তিনি বলেন, “নির্বাচন কমিশনের কাছে আহ্বান করব, এই সরকার আপনাদের কাছে যা কিছু আবদার করবে, আপনারা তা বাস্তবায়ন করবেন না।
“আপনারা জনগণের মতামত নেবেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তবেই যেটা সকলে মতামত দেবে, সেটার ভিত্তিতে আপনারা নির্বাচন কমিশন পরিচালনা করবেন।”
ওবায়দুল কাদের বলেন, “আবদার আমরাও করব না, আপনারাও করবেন না। নির্বাচন কমিশন কারো আবদার শুনবেন না, তারা সংবিধান অনুযায়ী নির্বাচন দেবেন, আমরাও সেই অনুরোধ করি।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তারা (বিএনপি) এখন মামলা প্রত্যাহারের কথা বলছে। আমাদের একজন এমপি কারাগারে, আমরা ক্ষমতায়, তার ছয় মাসের দণ্ড হয়ে গেছে। দুই তিনজন মন্ত্রী নিয়মিত কোর্টে হাজিরা দিচ্ছেন। আমরা তাহলে তাদের মামলা প্রত্যাহার করতে বলব না? মামলা প্রত্যাহারের সাথে নির্বাচনের পরিবেশের সম্পর্ক নেই।”
শিক্ষকদের রাজনীতি করার কোনো দরকার নেই মন্তব্য করে কাদের বলেন, “রাজনৈতিক দল সমর্থন করা যার যার অধিকার। শিক্ষকরাও সমর্থন করতে পারেন। কিন্তু শিক্ষকরা সক্রিয় রাজনীতি করলে শিক্ষার মান উন্নত হবে না। মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষকতাও দরকার। শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষকদেরও হোমওয়ার্ক করতে হবে। তা হলে শিক্ষা ব্যবস্থার জন্য শুভ হবে।
“শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ফলাফল শিক্ষা ব্যবস্থার গুণগত মানের উচ্চতা? আমি সেটা মনে করি না। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে দুইজন পাশ করে, এটা কোয়ালিটি শিক্ষা নয়। আমরা কোয়ালিটি শিক্ষা চাই। আমরা পরীক্ষার্থী চাই না, শিক্ষার্থী চাই।”
তিনি বলেন, “আজকাল তো প্রশ্নপত্র লিক হয়ে যায়। ইন্টারনেট আমাদের অনেক উন্নতি করে দিচ্ছে। সারা দেশ ডিজিটাল হচ্ছে। কিন্তু ইন্টারনেটের কিছু সমস্যাও আছে। প্রশ্নপত্র ফাঁসে ইন্টারনেটের একটা ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের বলব ইন্টারনেটে প্রশ্নপত্র লিকের সুযোগ তোমরা প্রত্যাখান করো। জীবিকার জন্য নয়, জীবনের জন্য শিক্ষা চাই।”
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।
