২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 06:07 PM

Updated : 19 Aug 2022, 04:44 PM

আগামী ৫ জুন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারের ‘নবরাত্রি হলে’ ইফতারের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন।

ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছানো হয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে।

বুধবার দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। প্রতিনিধি দলে ছিলেন আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ ও রফিকুল ইসলাম রাসেল।

টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবসহ প্রেসিডিয়াম সদস্যদের নামে মোট ১৬টি কার্ড আওয়ামী লীগের দপ্তরের সহ সম্পাদক সেকান্দর আলী সাহেবের কাছে পৌঁছে দিয়েছি।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিবছরই ইফতারে রাজনৈতিক দলের প্রধানসহ নেতাদের আমন্ত্রণ জানান। তবে এই অনুষ্ঠানে দুই নেত্রীর এক হওয়ার ঘটনা ঘটে না।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার কোনো অনুষ্ঠানে একসাথ হওয়াটা বিরল ঘটনার পর্যায়ে পড়ে।

মঙ্গলবার সুপিম কোর্টে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহাও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এই বিষয়টি নিয়ে খেদ প্রকাশ করেন।  

তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, “ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সোনিয়া গান্ধীকে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে দাওয়াত দেন, তিনি চলে আসেন। আমাদের এখানে তো ঐক্য নেই। আমরা একজন আরেক জনের দাওয়াতেও যাই না। সব ব্যাপারেই বিভক্তি।”

তখন আদালতে উপস্থিত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “এখানে কীভাবে ঐক্য হবে? একটা পার্টি জাতির জনক বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করে না। যেখানে একটা দল বঙ্গবন্ধুর নামও উচ্চরণ করে না, তাদের সঙ্গে ঐক্য হয় কীভাবে?”

খালেদা জিয়ার আমন্ত্রণে না যাওয়ার ক্ষেত্রে দশম সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা টেলিফোনে আমন্ত্রণ জানালেও বিএনপি চেয়ারপারসনের সাড়া না দেওয়ার যুক্তি দেখান আওয়ামী লীগের নেতারা। পাশাপাশি খালেদার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর সমবেদনা জানাতে গিয়ে দরজা বন্ধ পাওয়ার কথাও বলেন তারা।