সরকারের অতি দক্ষতায় জঙ্গিরাষ্ট্রের ঝুঁকি: ফখরুল
জঙ্গি দমনের নামে সরকারের ‘নাটকে’ বহির্বিশ্বে বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র হিসেবে চিহ্নিত হচ্ছে বলে দাবি করেছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেছেন, “আমেরিকা তিনটি দেশকে চিহ্নিত করেছে, এটার মধ্যে হচ্ছে-পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। আজকে বাংলাদেশের মানুষকে ভিসা সঙ্কটে পড়তে হচ্ছে। আমাদের যারা কাজ করতে যান সিঙ্গাপুরে, তাদের অনেককে ফেরত আসতে হচ্ছে। কেন?
“তাদের (বিদেশি) লক্ষ্য ছিল বাংলাদেশকে জঙ্গি স্টেট হিসেবে চিহ্নিত করা। আমাদের সদাশয় সরকারের অতি দক্ষতার কারণে গোটা পৃথিবীতে এই ধারণা দেওয়া হচ্ছে যে- বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে।”
কুমিল্লায় পুলিশের উপর হামলার পর চট্টগ্রামের মিরসরাইয়ে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় তল্লাশি চালিয়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পরদিন একথা বললেন ফখরুল।
বিএনপি আগে থেকিই সরকারের জঙ্গি দমন অভিযান নিয়ে প্রশ্ন তুলে আসছে।
ফখরুল বলেন, “সুনির্দিষ্টভাবে আপনারা (সরকার) এগুলো তদন্ত করছেন না। গত কয়েকদিন ধরে নতুন একটা ড্রামা শুরু হয়েছে, খেয়াল করছেন কি না জানি না।
“প্রথম ড্রামাটা হল টঙ্গিতে। আমরা জানি না, আসল ব্যাপারটা কী? সাংবাদিক ভাইরা কতটুকু বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি না। কুমিল্লার বাসস্টপে দেখা গেলে জঙ্গি আক্রমণ হল, ছবি বিরাট করে দিয়ে দিয়েছে। ইজ ইট পসিবল? ওই সময়ে ওই মুহূর্তের মধ্যে একটা ছবি তুলে, গান পয়েন্টে দেখা যাচ্ছে যে ছবিটা আসছে, আমি জানি না, আপনারা (সাংবাদিক) ভালো বলতে পারবেন। প্রশ্ন থেকে যাচ্ছে।”
“একটা বাড়িতে কেউ নেই, সেই বাড়ি থেকে গ্রেনেড উদ্ধার করছেন,” সন্দেহের সুর ফখরুলের কণ্ঠে।
তিনি বলেন, “আমরা এগুলোকে অস্বীকার করছি না বা এগুলোকে আমরা বাতিল করে দিচ্ছি না। কিন্তু আপনাকে জনগণের সামনে গ্রহণযোগ্য যুক্তি খাড়া করতে হবে এবং সঠিক সুষ্ঠু তদন্ত করে এগুলো ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করতে হবে।”
জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানের বিষয়টি আবার তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “সেটা তো করেনই নি উল্টো আমাদের নেতাদেরকে আসামি করেছেন।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর উদ্যোগে তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
ড্যাবের সহ-সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে ও মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল বায়েস, ড্যাবের অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, বজলুল করীম ভুঁইয়া বক্তব্য রাখেন।
হুম্মামের নিখোঁজ প্রসঙ্গ
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর নিখোঁজ হওয়া নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব ফখরুল।
তিনি বলেন, “হুম্মাম কাদের চৌধুরী। সে তো যুদ্ধাপরাধী নন বা অন্য কোনো ক্রাইমের সঙ্গে জড়িত না। মামলার হাজিরা দিতে এলে তাকে তুলে নিয়ে গেল। পরিষ্কারভাবে পত্র-পত্রিকায় উঠলে যে সাদা পোশাকধারী এসে তাকে তুলে নিয়ে গেছে।
“৭ মাস পরে তাকে ফেলে দিয়ে গেল তার বাড়ির সামনে। নো এনসার। গোটা জাতির সামনে এটার কোনো উত্তর নেই। লাশ পড়ে থাকছে রাস্তার ধারে ডোবার ধারে, নো এনসার।”
সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম বিএনপির কেন্দ্রীয় কমিটিরও সদস্য।
নির্বাচন প্রসঙ্গ
আগামী নির্বাচন নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে ফখরুল বলেন, “ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) সাহেব গতকাল বলেছেন, সহায়ক সরকার সংবিধানে নেই। সংবিধান কাদের জন্য? সংবিধান কারা তৈরি করেন? মানুষের জন্য সংবিধান, মানুষের প্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন করেন।
“আজকে আপনারা যে সংবিধান তৈরি করেছেন, ওটাকে একটা বাইবেল বানিয়ে দিয়েছেন। মানে সংবিধানের মধ্যে তিনটা অনুচ্ছেদ আছে যেটা কোনোদিনই পরিবর্তন করতে পারবেন না। তাহলে প্রজাতন্ত্র হলো কী করে?”
“তারা (আওয়ামী লীগ) দেখেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়,” বলেন ফখরুল।
ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে
প্রধানমন্ত্রীর ভারত সফরে যে চুক্তিগুলো হচ্ছে বলে গণমাধ্যমে এসেছে, তা নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “ভারতের হিন্দুস্থান টাইমস, হিন্দু পত্রিকায় দেখছি, আমাদের দেশেও কয়েকটি পত্রিকায় বেরিয়েছে, চুক্তি করছেন, নিরাপত্তা ও সামরিক চুক্তি করছেন।
“দেশে দেশে নিরাপত্তা চুক্তি হয়, সামরিক চুক্তি হয়। বাংলাদেশের চুক্তি ভারতের সঙ্গে করবেন জনগণ কিছুই জানবে না, এটা তো হতে পারে না।”
“এখন পর্যন্ত একটা চুক্তি আপনারা জনসমক্ষে উপস্থাপন করেননি। এটা হচ্ছে ম্যানডেটরি যে, জনগণের সামনে গণতান্ত্রিক দেশে চুক্তিগুলো উপস্থাপন করতে হবে। সেটা করা হচ্ছে না,” বলেন ফখরুল।
তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার ব্যর্থ হচ্ছে বলেও দাবি করেন ফখরুল। সীমান্তে হত্যা নিয়েও সমালোচনা করেন তিনি।
