যুবলীগের মেয়াদোত্তীর্ণ সব থানা কমিটির সম্মেলন মার্চেই করার নির্দেশ
যুবলীগের মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন থানা কমিটির সম্মেলন আগামী ৩০ মার্চের মধ্যে আয়োজন না করা হলে সেইসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।
সারা দেশের সকল থানা শাখায় যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
শনিবার বিকাল থেকে সারা দেশে এ চিঠি বিলি করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান।
চিঠিতে বলা হয়, “মেয়াদ উত্তীর্ণ সকল শাখার সম্মেলন ৩০ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যথায় ১১মে ২০১৭ তারিখের পর মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।”
এতে বলা হয়, “২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে সকল জেলা উপজেলা শাখাকে নৌকা প্রতীকের দুর্গ হিসেবে গড়ে তুলতে যুবলীগের সকল শাখাকে ঢেলে সাজানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে যুবলীগের চেয়ারম্যন ওমর ফারুক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের প্রত্যেকটি জেলা- উপজেলা শাখাকে জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে তৈরি করতে এই সিদ্ধান্ত নিয়েছি।
“তাছাড়া সামনে ২০১৯ সালের নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নৌকা মার্কার অতন্ত্র প্রহরী হয়ে কাজ করার জন্য প্রত্যেকটি শাখাকে ঢেলে সাজাচ্ছি।”
