পদ্মা সেতু শেখ হাসিনার নামে করার দাবি
নির্মাণাধীন পদ্মা সেতুর নাম পরিবর্তন করে ‘শেখ হাসিনা সেতু’ করার দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগ।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির নেতা-কর্মীরা এ দাবি জানান।
পদ্মা সেতুর নাম পরিবর্তন করে শেখ হাসিনা সেতু করার দাবিতে রোববার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তাঁতী লীগের আহ্ববায়ক শাহ রেজাউল মামুন।
কর্মসূচিতে রেজাউল মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণ বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রাণের দাবি।
“এ নামকরণে যারা বাধা দেবে তারা রাজাকার, তারা এ দেশের ভালো চায় না।”
এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন অর-রশীদ বলেন, “যখন বিশ্ব ব্যাংক তাদের প্রস্তাবিত অর্থায়ন তুলে নেয় তখন শেখ হাসিনা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দেন। আজ পদ্মা সেতুর কাজ শেষের দিকে।
“নিদিষ্ট সময়ের আগেই পদ্মা সেতুর কাজ শেষ হবে। এ রকম সাহসের কাজ একমাত্র শেখ হাসিনাই করতে পারেন। তাই শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণ করা হোক।”
