২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা কাজী আনোয়ার মারা গেছেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আনোয়ার হোসেন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 10:08 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

শুক্রবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনোয়ার ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ছিলেন। দুপুরে তিনি মারা গেছেন।”

অ্যাপোলো হাসপাতাল থেকে তার লাশ দুপুরে গুলশানের বাসায় নিয়ে আসা যাওয়া হয় বলে জানান তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কাজী আনোয়ার হোসেনের মরদেহ দাফনের জন্য শনিবার ভোরে সড়ক পথে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিয়ে যাওয়া হবে।

নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জোহর নামাজে জানাজার পর বিকালে জসাতুয়া মাদ্রাসা মাঠে তার আরেক দফা জানাজা হবে। এরপর গ্রামের বাড়ি জসাতুয়ায় পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

কাজী আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আসন থেকে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। বিএনপিতে যোগ দেওয়ার আগে জাতীয় পার্টিতে ছিলেন তিনি।

মৃত্যুকালে কাজী আনোয়ার হোসেন স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

কাজী আনোয়ারের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।