২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছর পর জনসম্মুখে শাজাহান সিরাজ

সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ সাত বছর পর জনসভায় এসে নিজের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 09:38 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

ঐতিহাসিক ৩রা মার্চ ’৭১ উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সভায় এই বিএনপি নেতা বলেন, “আমি আপনাদের সবার কাছে একটা জিনিস চাচ্ছি, সেটা হলো- আমার জন্য আপনারা দোয়া করবেন, আশির্বাদ করবেন। ইনশাল্লাহ, আপনাদের দোয়া-আর্শিবাদ পেয়ে আমি সুস্থ হয়ে উঠব।

“আমি আবার যেন সুস্থ হয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি-সেই দোয়া চাই।”

তিনি বলেন, “আমি আবার যে আপনাদের সামনে পৌঁছাতে পারব, এটা কল্পনা করি নাই। কারণ আমি এত অসুস্থ! বাংলাদেশের জনগণের কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই।”

বিএনপি-জামায়াত জোট সরকারে পরিবেশ ও বন মন্ত্রী ছিলেন শাজাহান সিরাজ। ক্যান্সার ধরা পড়ায় ২০০৭ সাল থেকে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

একাত্তরে স্বাধীনতার ইশতেহার পাঠক হিসেবে এই সভায় আমন্ত্রণ জানানো হয় সে সময়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজকে। একাত্তরে ছাত্রলীগের নেতা ও ডাকসুর ভিপি আ স ম আব্দুর রবকে অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক হিসেবে।

এক সময়ের সহযোদ্ধা শাজাহান সিরাজকে দেখিয়ে অনুষ্ঠানে রব বলেন, “আজকে শাজাহান সিরাজের এই অবস্থা আপনারা দেখছেন। যারা ক্ষমতা ভোগ করছেন, রাষ্ট্রের সব আইন-কানুন সব কিছু নিজেদের দখলে নিয়েছেন, ইতিহাস হাজার বছর পরে হলেও নিজস্ব গতিতে চলবে। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”

শাজাহান সিরাজ যাতে সুস্থ হয়ে আবার সবার কাছে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চান তিনি।

একাত্তরের ২ ও ৩ মার্চের ঘটনা তুলে ধরে আলোচনা সভায় আবদুর রব বলেন, “ইনডিপেনডেন্স অব বাংলাদেশ, ডিক্লারেশন অব বাংলাদেশ- স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শাজাহান সিরাজ সেই ইশতেহার পাঠ করেন। তাতে লেখা ছিল- ৫৪ হাজার বর্গমাইলের এই স্বাধীন বাংলাদেশ, এর স্থপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের জাতীয় সঙ্গীত-আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা জাতীয় শ্লোগান।

“আজকে যারা ক্ষমতায় আছেন, তারা ইতিহাস জানেন? আমাদের মেয়েরা হিমালয় শৃঙ্গে বাংলাদেশের পতাকা তুলেছেন কিন্তু সেই হিমালয় শৃঙ্গে উঠার আগে কতগুলো টিলা-পাহাড় অতিক্রম করতে হয়েছে? আপনারা তো বঙ্গবন্ধুকে নিচে নামাচ্ছেন। তাহলে এই সিঁড়িগুলো অতিক্রম করতে হবে। এগুলোকে অস্বীকার করে বঙ্গবন্ধুকে মহান নেতা রাখা যাবে না।”

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “আপনারা (আওয়ামী লীগ) বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকরণ করতেছেন। আমরা বলেছিলাম, উনি প্রধানমন্ত্রী হবেন না, প্রেসিডেন্ট হবেন না। একথার উপরে বিএলএফ’র অস্ত্র সারেন্ডার করা হয়।

“আমরা সিদ্ধান্ত নিয়েছিলোম, স্বাধীন হওয়ার আগে আমরা বিয়ে সাদি করব না, অর্থ সম্পদের মালিক হব না। আমাদের দুর্ভাগ্য, ঘামের উপর এই দেশ- আজকে কোথায়?”

পাঠ্যবইতে বাংলাদেশের অভ্যুদয়ের পরিপূর্ণ ইতিহাস নেই অভিযোগ করে রব বলেন, “একাত্তরের ২ মার্চ ও ৩ মার্চ- এই ইতিহাসগুলো ছোটদের বইতে নাই। গতকালকে একজন টেলিভিশনের প্রতিবেদক বলছিলেন- ১৭ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে ১১ জন বলতে পেরেছে স্বাধীনতার পতাকা কে তুলেছেন, স্বাধীনতার ইশতেহার কে পাঠ করেছে, স্বাধীনতার ঘোষণা কীভাবে এসেছে।

“ডিক্লারেশন অব বাংলাদেশ- আর কী বাকি থাকে? একজন নেতার দরকার ছিল, সেজন্য ৭ মার্চের জনসভা। তাই ৩ মার্চকে আলাদা করে দেখা যাবে না। শাজাহান সিরাজকে ইচ্ছা করলেই ফেলে দিতে পারবেন না। ইতিহাস তার নিজস্ব গতিতে চলবে।”

দেশের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জেএসডি নেতা আ স ম আবদুর রব বলেন, “আজকে দেশে গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, সাম্য নাই- এগুলো আজকে বাংলাদেশ থেকে নির্বাসিত। এই কথাগুলো স্বাধীনতার ইশতেহারে লেখা ছিল।”

ঐতিহাসিক ৩রা মার্চ ’৭১ উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক সাংসদ হুমায়ুন কবীর হিরু, শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ বক্তব্য রাখেন।