২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন: বিএনপির প্রচারে বাধার অভিযোগ

দেশের ১৮ উপজেলা পরিষদে আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রচারে ‘বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে’ বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 08:44 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

শুক্রবার ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগও এনেছেন।

রিজভী বলেন, “এখনো সেই আগের মতো বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা, প্রচারে হামলা, মাইক ভাঙচুর, লিফলেট-পোস্টার ছিঁড়ে ফেলা এবং নেতা-কর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর ও ভয়ভীতি দেখানো হচ্ছে।”

এমনকি বিএনপির প্রার্থীদের নির্বাচনী এজেন্ট হলে ‘প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে’ বলেও তিনি অভিযোগ করেন। 

মাত্র কয়েকটি উপজেলা পরিষদের নির্বাচনে এরই মধ্যে দুইজন নিহত হয়েছেন জানিয়ে রিজভী বলেন, “এসব ঘটনার পরও বর্তমান সিইসি (কে এম নূরুল হুদা) কাজী রকিব উদ্দিনের (কাজী রকিব উদ্দিন আহমদ) বাঁশিতে ফুঁ দিয়ে যাচ্ছেন। দেশবাসী মনে করছে, আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার লাইসেন্স নিয়েই এগিয়ে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার।”

রিজভী বলেন, “সিইসি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশ আসছে, সেই নির্দেশ অনুযায়ী কাজ করছেন। সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী নিরপেক্ষভাবে তিনি কাজ করছেন না।”

পাবনার সুজানগর, বরিশালের গৌরনদী, ঝালকাঠির নলছিটি ও রাঙ্গাবালী এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি প্রার্থীর প্রচারে ‘ক্ষমতাসীনদের’ হামলা এবং দলীয় এজেন্টদের হুমকির বিভিন্ন অভিযোগ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

রিজভী বলেন, বরিশালের গৌরনদীতে বিএনপির প্রার্থীর প্রচার মাইক ও অন্যান্য সরঞ্জাম ‘আওয়ামী লীগ কর্মীরা’ ভেঙে ফেলেন। বিষয়টি পুলিশ সুপারকে (এসপি) জানালে তিনি ‘আওয়ামী লীগের স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা করে’ প্রচারে নামার পরামর্শ দেন।

“শুধু মৃতপ্রায় গণতন্ত্রের পুনরুজ্জীবনের জন্য আমরা আন্দোলনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু আওয়ামী লীগ শোনে না ধর্মের কাহিনী। একটি প্রবাদ আছে, কয়লার কালি যায় না ধুলে, স্বভাব যায় না মলেও।”

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিএনপির দুই ঘণ্টার কর্মসূচিতে রাজশাহী, নারায়ণগঞ্জ, সিলেট ও ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে ‘পুলিশি হামলার’ নিন্দা জানিয়ে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানান জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব ও মুনির হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আগামী ৬ মার্চ দেশের ১৮টি উপজেলায় বিভিন্ন পদে সাধারণ ও উপ-নির্বাচন হবে। এবারই প্রথম উপজেলা পরিষদের তিনটি পদে দলীয় প্রতীকে ভোট হবে।