২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম বৃদ্ধি স্থগিত করায় আদালতকে ফখরুলের ধন্যবাদ

দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধি উচ্চ আদালত স্থগিত করলেও প্রথম ধাপেই সরকার জনগণের পকেট থেকে টাকা কেটে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 09:36 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

একই সঙ্গে দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধি স্থগিত করায় উচ্চ আদালতকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় ফখরুল বলেন, “গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার কোনো কারণ নেই। এই মূল্য বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয়, এখন গ্যাসের মূল্য বাড়ানোর কোনো প্রয়োজনই ছিল না। কারণ যে কোম্পানিগুলো গ্যাস সরবারহ করছে, তারা লাভ করছে। সেখানে তারা (কোম্পানিগুলো) ২২ দশমিক ৭ ভাগ মূল্য বাড়িয়ে দিয়েছে।”

“তবে আজকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের উচ্চ আদালতে দ্বিতীয় দফায় বৃদ্ধি স্থগিত করা হয়েছে। প্রথম দফা নয়, প্রথম দফাতে জনগণ নিগৃহিত হবে এবং তাদের পকেট থেকে টাকা বের নেবে।”

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয়।

সেখানে বলা হয়, আবাসিক গ্রাহকদের আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে। আর দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে।

পাশাপাশি যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ১ মার্চ থেকে প্রতি ঘনমিটারে ৩৮ টাকা এবং ১ জুন থেকে ৪০ টাকা হবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যক খাতেও গ্যাসের দাম দুই ধাপে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয় ওই গণবিজ্ঞপ্তিতে।

এই গণবিজ্ঞপ্তিতে ‘আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে’ অভিযোগ করে এর কার্যকারিতা স্থগিতের জন্য সোমবার ক্যাবের পক্ষে একটি রিট করা হয়।

মঙ্গলবার এর শুনানি নিয়ে দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর যে গণবিজ্ঞপ্তি, তার দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। সেই সঙ্গে ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে’ দেওয়া ওই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে ‘একুশের চেতনা ও গণতান্ত্রিক সংস্কৃতি’ শীর্ষক এই আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, “এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে, সচেতনভাবে বাংলাদেশের সত্যিকার অর্থে যে জাতিসত্ত্বা, তাকে ধ্বংস করে ফেলছে। দেশের গণতান্ত্রিক রাষ্ট্রের আমাদের যে গর্ব ছিল, সেটাকে তারা ধ্বংস করে ফেলেছে।

“আজকে নতজানু হয়ে তাদের নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে তারা জাতির স্বার্থ বিকিয়ে দিচ্ছে। আজকে পত্র-পত্রিকা খুললে দেখবেন, চুক্তি হচ্ছে। কোন চুক্তি হচ্ছে, কার সাথে কী চুক্তি হচ্ছে- জনগণ জানে না।”

দেশ ‘ফ্যাসিবাদের কবলে’ পড়েছে অভিযোগ করে এ থেকে মুক্ত না হলে ‘জাতির অস্তিত্ব’ থাকবে না বলেও মন্তব্য করেন ফখরুল।

“একুশের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ। তারা সেই গণতান্ত্রিক চেতনাকে ধবংস করে দিয়েছে। তারা এখন একদলীয় শাসন আমাদের ওপর চাপিয়ে দিতে চায়। সেজন্য তারা সকল পরিকল্পনা সাজিয়েছে।”

জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, দিনকাল ভারপ্রাপ্ত সম্পাদক রেদোয়ান সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, বাবুল আহমেদ, মুনিরুজ্জামান মুনির প্রমুখ বক্তব্য রাখেন।