২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি যথাসময়ে: রিজভী

গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণাকে জনস্বার্থ পরিপন্থি উল্লেখ করে এর প্রতিবাদে ‘যথাসময়ে’ কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2017, 04:13 PM

Updated : 19 Aug 2022, 03:51 PM

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সারা দেশে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। জনস্বার্থের পরিপন্থি এই ধরণের ঘোষণায় বাসভাড়া, বাড়িভাড়ার নোটিস প্রদান শুরু হয়ে গেছে।

“দেশের শতকরা সাড়ে ৯৯ ভাগ মানুষ সরকারের ঘোষণা প্রত্যাখ্যান করেছে। গ্যাসের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা কর্মসূচি দেব, যথাসময়ে তা জানানো হবে।”

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা কার্যকর হবে মার্চ ও জুন মাসে দুই ধাপে।

আবাসিক গ্রাহকদের আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে, যা এতদিন ছিল যথাক্রমে ৬০০ টাকা ও ৬৫০ টাকা

আর দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন রিজভী বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে সরকারের নিকট আহ্বান জানাতে চাই, গণবিরোধী ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসুন ও অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির অমানবিক ঘোষণা থেকে সরে আসুন।

“সরকার এখন লুটপাটে মরিয়া হয়ে উঠেছে বলে তারা গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণার পর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, বিদ্যুতের দামও বাড়ানো হবে। এটা তার স্বদম্ভ সন্ত্রাসী বক্তব্য।”

প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ফেইসবুক স্ট্যাটাসের সমালোচনা করেন রিজভী।

“প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় মাঝে মাঝে জাতির উদ্দেশ্যে কিছু বাণী দেন, তার বাণীগুলো কৌতুহল জাগায়, কখনও জাতিকে বিভ্রান্তও করে, কখনও সারাদেশ উপভোগও করে। তিনি বিএনপিকে সন্ত্রাসী দল বলেছেন নিশ্চয় কানাডার রায়কে কেন্দ্র করে।

“উনি কোনো বিষয়ে গভীরে যান না। সেই রায়ের মধ্যে যে আওয়ামী লীগকেও সন্ত্রাসী দল এবং বাংলাদেশের রাজনীতি যে সহিংসতাপরায়ন, সে বিষয়ে কিন্তু তিনি কিছু উল্লেখ করেননি। এই যে হাফ স্টাডি, অর্ধেক পড়াশুনা করা- এটা সম্পর্কে কিন্তু মানুষের মধ্যে একধরনের ভিন্ন ও বিরূপ ধারণা তৈরি হয়। আমি বলব, সজীব ওয়াজেদ জয়ের এ বিষয়ে আরও স্টাডি করে কথা বলা দরকার।”

‘আগুন বোমা নিক্ষেপকারীদের বিচার হবে’- জয়ের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, “আমি বলতে চাই, এখন সব কিছুই সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়েছে, আওয়ামী বিচারালয় বিচার করতেই পারেন, কারণ এখন প্রায় আদালতগুলো আওয়ামী আদালতে পরিণত করার একটা প্রচেষ্টা আছে।”

আগামী ৬ মার্চ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় প্রার্থী বদিউজ্জামানকে মনোনয়নপত্র দাখিলের সময়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বাধা ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

এই প্রার্থীকে প্রচারণায় বাধা দেওয়া ছাড়াও তার লিফলেট, পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “স্থানীয় প্রশাসনকে বলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

“এটাই হচ্ছে হুদা (প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা) নির্বাচন কমিশনের চেহারা। সকাল দেখলে দিনটা কেমন যাবে বলা যায়, আগামী জাতীয় নির্বাচন কী হবে- তা বুঝা যায়। আমরা বার বার সিইসির রাজনৈতিক ভূমিকা, তার যে রাজনৈতিক তকমা লাগানো আছে, এটার বিষয়ে আমরা আগেই বলেছি। এই লোক সুষ্ঠু নির্বাচন করবে না, তার আলামত স্থানীয় নির্বাচনেই দেখা যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা কায়সার কামাল, আবদুস সালাম আজাদ, মোরতাজুল করীম বাদরু প্রমুখ উপস্থিত ছিলেন।