গায়ের জোরে বাড়ানো হচ্ছে গ্যাসের দাম: মান্না
‘গায়ের জোরে’ গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে মন্তব্য করে সিপিবি ও বাসদের ডাকা মঙ্গলবারের হরতাল কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকার গায়ের জোরে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। কোনো জবাবদিহিতা নেই, যা খুশি তাই করা হচ্ছে।”
“গ্যাসের দাম বৃদ্ধি যুক্তিসঙ্গত নয়।আমি সিপিবি ও বাসদের ২৮ তারিখে ডাকা আধাবেলা হরতাল ও কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি।”
এসময় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্য থেকে হরতাল ও কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার বিষয়ে নিজ দলের নেতাদের সাথে আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
রাজপথে ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে সরকারের সিদ্ধান্তের পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন মান্না।
এর আগে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় আধাবেলা হরতালের ঘোষণা দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।
নাগরিক ঐক্যের প্রয়াত নেতা আবু বকর সিদ্দিকী রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরিক ঐক্য আয়োজিত এই স্মরণানুষ্ঠানে উপস্থিত বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “কোনো অবস্থাতেই গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো সুযোগ নেই। জনগণের চাহিদা, দাবি আদায় ও সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করব।
“২৮ ফেব্রুয়ারি ঢাকা শহরে আধাবেলা হরতাল ও সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জাসদ নেতা ডা. মোশতাক হোসেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
