২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আওয়ামী লীগের দুটি সমাবেশ বৃহস্পতিবার

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে সারাদেশে সভা-শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ; এর মধ‌্যে ঢাকায় দুটি সমাবেশ হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 11:16 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

বিএনপির বর্জন ও প্রতিরোধের আহ্বানের মধ‌্যে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ‌্যমে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যায়।

আওয়ামী লীগ দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে; অন‌্যদিকে বিএনপি ওই দিনটি ‘গণতন্ত্র হত‌্যা দিবস’ হিসেবে পালন করে থাকে।

দুই প্রধান রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে গত কয়েক বছর ধরে এই দিনটি ঘিরে উত্তেজনা তৈরি হচ্ছে।

এবার বিএনপি সারাদেশে কালো পতাকা কর্মসূচি ডাকলেও ঢাকায় কোনো কর্মসূচি রাখেনি। অন‌্যদিকে ক্ষমতাসীন দলটি ঢাকাসহ সারাদেশেই কর্মসূচি রেখেছে।

আওয়ামী লীগ নেতারা জানান, সব জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে বৃহস্পতিবার সমাবেশ ও শোভাযাত্রা করবে তারা। বিকালে রাজধানীতে দুটি সমাবেশ ও শোভাযাত্রা হবে।

ধানমণ্ডির রাসেল স্কয়ারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ হবে।

দশম সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বলেছেন, এই তিন বছর তার সরকার অত্যন্ত সফলতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন।

“যেহেতু জনগণ আমাদের ভোট দিয়েছিল, আমরা নির্বাচিত হয়ে এসেছি। সেহেতু আমরা উন্নয়নের কাজে গতিটা ধরে রাখতে সক্ষম হয়েছি।”

“বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত সফলভাবে দেশ চালাতে পারে নাই। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের কাছে বিস্ময়,” বলেন তিনি।

আওয়ামী লীগের টানা আট বছরের দেশ পরিচালনায় উন্নয়ন এখন ‘দৃশ্যমান’ হচ্ছে মন্তব‌্য করে শেখ হাসিনা বলেন, “আমাদের উন্নয়নের মূল হচ্ছে গ্রাম পর্যায়ে উন্নয়ন। আমরা শহরভিত্তিক কোনো মানুষকে ধনী থেকে ধনী হওয়ার সুযোগ দিই নাই।”

“বাংলাদেশকে কেউ আর পেছনে টানতে পারবে না, যতই চেষ্টা করুক। ভবিষ্যতেও আর পারবে না। সে বিশ্বাস আমার আছে,” বলেন শেখ হাসিনা।