মওদুদের নাইকো মামলা: রুল শুনতে বিব্রত বিচারক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের বিষয়ে হাই কোর্টের জারি করা রুল শুনতে বিব্রতবোধ করেছেন একটি দ্বৈত বেঞ্চের একজন বিচারক।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে বুধবার ওই রুল শুনানির জন্য নির্ধারিত ছিল।
এ মামলায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, বেঞ্চের একজন সদস্য বিব্রতবোধ করায় বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি নতুন বেঞ্চ ঠিক করে দিলে সেখানে রুল শুনানি হবে।
মওদুদের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, গত ১১ ডিসেম্বর তা বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেইসঙ্গে হাই কোর্টের জারি করা রুল ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে বিষয়টি বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়।
আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিরেন খুরশীদ আলম খান।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরের বছর ৫ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তখনকার আইনমন্ত্রী মওদুদ আহমদসহ ১১ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে তারা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
যুক্তরাষ্ট্রে সালিশি আদালতে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে নাইকোর চুক্তি ও দুর্নীতি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি মামলা চলছে জানিয়ে মওদুদ তার নাইকো মামলার কার্যক্রম স্থগিতের জন্য আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত গত ১৬ অগাস্ট তা খারিজ করে দেয়।
এরপর তিনি হাই কোর্টে আবেদন করলে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ গত ১ ডিসেম্বর এ মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করে।
মামলার কার্যক্রম স্থগিত রাখতে মওদুদের আবেদন খারিজের যে আদেশ জজ আদালত দিয়েছে, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় হাই কোর্টের ওই রুলে।
দুর্নীতি দমন কমিশন হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ স্থগিতাদেশ বহাল থাকে। পাশাপাশি হাই কোর্টে রুল নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেয় আপিল বিভাগ।
