ষড়যন্ত্রে যাদের জন্ম তারা তো এমনই বলবে: কাদের
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেছেন, ‘ষড়যন্ত্রের’ মধ্য দিয়ে যাদের জন্ম ও বিকাশ তারা তো এমন কথাই বলবে।
ওই নির্বাচনে কোনো কিছু না পেয়ে বিএনপি নেত্রী এখন ‘অন্ধকারে ঢিল ছুড়ছেন’ বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এই সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটে হারিয়ে মেয়র পুনর্নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই ভোট সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত বলে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন পর্যবেক্ষকরাও একে অনুসরণীয় বলছেন।
তবে ওই নির্বাচন ‘ফেয়ার’ হয়নি অভিযোগ করে ভোটের পাঁচ দিন পর মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “বাইরে হলো সব ফিটফাট, ভেতরে হলো কী? বুঝতে পারছেন যে, ভেতরে যত রকমের দুনিয়ার ষড়যন্ত্র আর বাইরে থেকে সব ফিটফাট দেখায়।”
তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার সন্ধ্যায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, “এই নির্বাচন নিয়েও খালেদা জিয়া কমেন্ট করেছেন।
খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি নেত্রী বলেছেন বাংলাদেশ নাকি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমি বলব বাংলাদেশ নয়, বিএনপি ব্যর্থ দলে পরিণত হয়েছে।”
আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও চলছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “সর্বশেষ বিমানে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এর আগে আরও ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে। সর্বশেষ বিমানে যেটা ঘটেছে সেটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই।
“এটা আমাদের নেত্রীর উপর ২০তম হত্যা চেষ্টা। নেত্রীর জীবনের উপর এটাও একটা ষড়যন্ত্র, এটাকে ছোট করে দেখার বা বিচ্ছিন্ন ভাবার কোনো কারণ নেই।”
জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য দেন।
