২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত‌্যুবার্ষিকীতে রাজ্জাককে স্মরণ

মৃত‌্যুবার্ষিকীতে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে স্মরণ করেছেন তার সহকর্মীরা; অনুভব করেছেন রাজনীতিতে তার অভাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 11:55 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

রাজ্জাকের পঞ্চম মৃত‌্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে ‘আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব‌্য রাখেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ প্রমুখ।

সাবেক মন্ত্রী রাজ্জাক ২০১১ সালের ২৩ ডিসেম্বর মারা যান। বঙ্গবন্ধুর স্নেহধন‌্য এই রাজনীতিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস‌্য ছিলেন। সর্বশেষ উপদেষ্টা পরিষদের সদস‌্য ছিলেন তিনি।

তার দীর্ঘ সময়ের সহকর্মী বাণিজ‌্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘‘তিনি কর্মীদেরকে ভালোবাসাতেন, কখনও রাগ করতেন না। বঙ্গবন্ধুর আদর্শ তিনি ধারণ করতেন।

“তিনি ভাবতেন, যুদ্ধাপরাধীদের বিচার হবে। ঘাতক-দালাল নির্মূল কমিটির অন্যতম নেতা ছিলেন তিনি। তিনি কত বড় নেতা ছিলেন একটা বক্তৃতায় বলা সম্ভব নয়।”

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “তিনি ছিলেন কর্মঠ ও পরিশ্রমী নেতা, আজকে তার ছবিগুলো বলে দেয় তিনি যে পরিশ্রম করেছেন তার কথা।”

বিমানমন্ত্রী মেনন বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, “আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধের অন‌্যতম সংগঠক ছিলেন, ছিলেন আমার বন্ধু।

“একাত্তর পরবর্তীতে রাজ্জাক যুদ্ধাপরাধীদের বিচার জন্য ঘাতক-দালাল নির্মূল কমিটির অন্যতম সংগঠক ছিলেন। আজকে দুঃখ হচ্ছে তিনি স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারেননি।”

“একজন কর্মীবান্ধব মানুষ ছিলেন আব্দুর রাজ্জাক, তিনি ছিলেন মাটির মানুষ,” বলেন হানিফ।

সভায় বক্তব‌্যে নারায়ণগঞ্জের প্রসঙ্গ ধরে বিএনপির সমালোচনা করে তোফায়েল বলেন, “হেরে যাওয়ার পর বিএনপির নতুন কথা। এটা মানুষ বোঝে, জনগণ বোঝে বিএনপি রাজননৈতিকভাবে কতটা দেউলিয়া হয়েছে।”

নাসিম বলেন, “বিএনপি প্রতিষ্ঠাকাল থেকে ৯০ ভাগ স্বাধীনতা বিরোধীশক্তির দল হিসেবে পরিচিত। বিএনপি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে। বিএনপি জন্ম থেকেই ইতিহাস বিকৃতিকারী দল।”