২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘনে ‘নিশ্চুপ’ ইসি, অভিযোগ বিএনপির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে ক্ষমতাসীনদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন ‘নিশ্চুপ’ রয়েছে অভিযোগ তুলেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 03:03 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “শাসকদলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থেকে শুরু করে স্থানীয় এমপি, এমনকি গণভবনে সভা করে সরকার প্রধানও আচরণবিধি লঙ্ঘণ করেছেন বলে ব্যাপক অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন নিশ্চুপ।”

তিনি বলেন, “স্থানীয় এমপি নারায়ণগঞ্জে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে সেলিনা হায়াৎ আইভীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা ভোটারদের প্রভাবিত করছে। এটি সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

“নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কাছে এ বিষয়ে বার বার অভিযোগ উত্থাপন করা হলেও তাদের নির্বিকার ভূমিকা জনসাধারণের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। শাসকদলের প্রভাবশালী নেতারা যেভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে বিএনপির সাখাওয়াত হোসেন খান, আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীসহ সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন লড়ছেন।

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ‘শাসকদলের ভাড়াটিয়া গুণ্ডাদের আনাগোনো বেড়ে গেছে’ অভিযোগ করে সেখানে আবারও সেনা মোতায়েনের দাবি জানান রিজভী।

সেনা মোতায়েন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আমরা মনে করি, নারায়ণগঞ্জে নির্বাচনী পরিবেশকে ক্ষমতাসীনদের পক্ষে রাখতে চায় বলেই সিইসি সেনা মোতায়েন চান না।”

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।