নারায়ণগঞ্জ ভোট বিএনপির কাছে ‘লাস্ট টেস্ট কেইস’
সরকারের মনোভাবের কোনো পরিবর্তন হয়েছে কি না, তা বুঝতে বিএনপি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির অন্যতম শীর্ষ নেতা খন্দকার মোশাররফ হোসেন।
দশম সংসদ নির্বাচনসহ কয়েকটি নির্বাচন বর্জনকারী বিএনপি আগামী মাসে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে।
নারায়ণগঞ্জে মেয়র পদে নিজেদের প্রার্থী ঘোষণার দিন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “লাস্ট টেস্ট কেইস হিসেবে আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি।
“এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশতে চাই যে, সরকারের চরিত্রের কোনো পরিবর্তন হয়েছে কি না, তাদের মন-মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে কি না।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সব ভোটে জোর করছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। নির্বাচন কমিশননও সরকারের ‘আজ্ঞাবহ’ হিসেবে কাজ করছে বলে তাদের অভিযোগ।
নারায়ণগঞ্জে ভোটে যে কোনো অনিয়মের বিষয়ে সরকারকে হুঁশিয়ার করে মোশাররফ বলেন, “সরকারের চরিত্রের পরিবর্তন যদি না হয়; তাহলে আমরা মনে করব, তাদের কাছে আর গণতন্ত্র নিরাপদ নয়, তাদের কাছে ভোটাধিকার আশা করার আর কোনো কারণ নেই।
“যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তাকে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আমরা সেই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হব।”
অল কমিউনিটি ফোরামের উদ্যোগে ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও চ্যালেঞ্জের মুখে সুন্দরবন’ শীর্ষক আলোচনা সভায় নারায়ণগঞ্জে ভোটে বিএনপির অংশ নেওয়ার কারণ তুলে ধরেন মোশাররফ।
আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম বাবুল, নিপুন রায় চৌধুরী বক্তব্য রাখেন।
