নারায়ণগঞ্জে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা মঙ্গলবার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে কে লড়বেন, তা জানা যাবে মঙ্গলবার।
নারায়ণগঞ্জ জেলার ওয়ার্ড, থানা, জেলা ও নগর নেতাদের সঙ্গে সোমবার রাতে খালেদা জিয়ার বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “দেশনেত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে জেলার তৃণমূল নেতাদের সাথে বৈঠক করে সকলের মতামত নিয়েছেন। আমি আশা করছি, আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে পারব।”
গুলশান কার্যালয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের আগের দিন মেয়র পদে লড়তে ইচ্ছুক নেতা ও জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
ওই বৈঠকে ছিলেন তৈমুর আলম খন্দকার, আবুল কালাম, এটিএম কামাল, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, কাজী মুনির, আজহারুল ইসলাম মান্নান ও আবু আল ইউসুফ খান।
বিএনপি নেতারা জানান, তৃণমূল পর্যায় থেকে তৈমুর আলম খন্দকার, আবুল কালাম, সাখাওয়াত হোসেন খাঁন, এটিএম কামাল, মামুনুর রশীদ, আবদুল হাই রাজু ও রাশিদা জামালের নাম প্রস্তাব এসেছে।
জেলা সাধারণ সম্পাদক কাজী মুনির সাংবাদিকদের বলেন, “নেত্রী আমাদের নেতাদের মতামত জেনেছেন। কয়েকজন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে, তা থেকে নেত্রী যাকে ভালো ও উপযুক্ত মনে করবেন, তাকেই মনোনয়ন দেবেন। আমরা সবাই তার পক্ষে কাজ করব।”
গণমাধ্যমে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা তৈমুর আগের দিন সাংবাদিকদের বলেন, “আমি ম্যাডামকে বলেছি, এই নির্বাচনে আমি আগ্রহী নই। কারণ নারায়ণগঞ্জে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই।”
২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন জেলা সভাপতি তৈমুর। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলে মনঃক্ষুন্ন হন তিনি।
নির্দলীয় ওই নির্বাচনে নিজ দলের নেতা এ কে এম শামীম ওসমানকে ১ লাখের বেশি ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র হন আইভী।
স্থানীয় সরকার আইন সংশোধন করার পর এখন দলীয় ভিত্তিতে হবে মেয়র নির্বাচন।
