২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হয়ত সাঁওতালকেও বিএনপি বানিয়ে দেওয়া হবে: নজরুল

ক্ষমতাসীন দল নিজেদের দোষ আড়াল করতে নাসিরনগরে হিন্দুদের উপর হামলায় বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

নাসিরনগরে হিন্দুদের উপর হামলার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তিনি গোবিন্দগঞ্জে সাঁওতাল নির্যাতনের প্রসঙ্গ এনে বলেছেন, “কে জানে হয়ত গোবিন্দগঞ্জে কোনো সাঁওতালকে বিএনপি বানিয়ে দেওয়া হবে।”

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গত ৬ নভেম্বর তিন সাঁওতাল নিহত হন। সেখানে চিনিকলের জায়গায় সাঁওতালদের বসতি অবৈধ ছিল বলে শিল্পমন্ত্রী ‍ও শিল্প সচিবের দাবি।

তবে সাঁওতালদের দাবি, তাদের জমি অধিগ্রহণের সময় শর্ত ছিল যে আখ ছাড়া অন‌্য ফসল চাষ করলে আগের মালিকদের কাছে ফেরত যাবে। এখন ওই জমিতে আখ চাষ করা হচ্ছে না।

গোবিন্দগঞ্জের ঘটনার এক সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু পল্লীতে হামলা চালিয়ে ১৫টি মন্দির এবং দেড় শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়।

রাজনৈতিক দ্বন্দ্ব ওই হামলায় ইন্ধন জুগিয়েছে বলার পর পুলিশ বিএনপির স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিএনপি নেতা নজরুল বলেন, “নাসিরনগরে একজন বিএনপির নেতাকে আসামি করে বিপুল প্রচার দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে- এর সাথে বিএনপি আছে।

“আজকে নাসিরনগরে সংখ্যালঘু মানুষরা বিপন্ন, আজকে গাইবান্ধার সাঁওতাল জনগোষ্ঠি বিপদাপন্ন। সবাই বলছে, এক জায়গায় একজন মন্ত্রী দায়ী, তাদের দলের ভেতরের কোন্দল দায়ী। আরেক জায়গায় প্রত্যক্ষভাবে একজন মন্ত্রীর হস্তক্ষেপ হয়েছে।”

“জনগণকে বিভ্রান্ত করার জন্য, ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নানা ষড়যন্ত্র আবিষ্কার করা হচ্ছে,” বলেন বিএনপি নেতা।

নাসিরনগরের ঘটনায় দলের দুই নেতার দ্বন্দ্বের বিষয়টি বেরিয়ে এলেও আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, সরকারের অগ্রযাত্রা ব‌্যাহত করতে উদ্দেশ‌্যমূলকভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

নজরুল বলেন, “এসব ঘটনায় বিরোধী দলকে বিপর্যস্ত করানোর জন্য ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে আসল অপরাধীদের আড়াল করার যে চেষ্টা, এই চেষ্টার ফল কোনোদিন ভালো হবে না।”

বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা ও ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, “আজকেই পত্রিকায় এসেছে যে, বাংলাদেশ তালিকায় ২২তম। গতবার যে পরিমাণ সন্ত্রাস ঘটেছে, সেটা প্রধান ১০টা দেশের মধ্যে একটা।

“এটা লজ্জার বিষয়। আমাদের জন্য এগুলো অনেক দুঃচিন্তার বিষয়। এ ধরনের প্রচার আমাদের জনশক্তি রপ্তারির ক্ষেত্রে বাধা হতে পারে, আমাদের ভাবমূর্তি মলিন করতে পারে।”

সন্ত্রাসী তৎপরতা ও ঝুঁকির বিচারে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের সূচকে তিন ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের।

এ সংস্থার প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে এবার বাংলাদেশকে রাখা হয়েছে ১৬৩ দেশের তালিকার ২২তম ক্রমে; গত বছর বাংলাদেশ ছিল ২৫তম স্থানে।

জোট শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) উদ্যোগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব‌্য রাখেন নজরুল।

ন্যাপের সভাপতি জেবেল রহমান গানির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনডিপির খোন্দকার গোলাম মূর্তজা, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ছড়াকার আবু সালেহ, গণ সংস্কৃতি দলের এম আল মামুন বক্তব্য রাখেন।