ইসি গঠনে রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখার আহ্বান রাজ্জাকের
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন জানিয়ে এ ব্যাপারে তার (রাষ্ট্রপতি) নেওয়া পদক্ষেপের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক।
সোমবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “সংবিধানে যেভাবে আছে সেই অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।
“গতবারের মতো এবারও সার্চ কমিটি গঠন করা হবে। এবারও রাষ্ট্রপতি ইসি নিয়োগে সবার সঙ্গে মতবিনিময় করবেন, সবার মতামত নেবেন। আমি আহ্বান জানাচ্ছি, সবাই রাষ্ট্রপতির নেওয়া পদক্ষেপের উপর আস্থা রাখবেন।”
ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে, যাতে বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন রাজনীতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এতে বিরোধী রাজনীতিক দলগুলোর উদ্দেশে ক্ষমতাসীন দলের নেতা আব্দুর রাজ্জাক বলেন, “সংবিধানের আলোকে রাষ্ট্রপতি যে মতামত দেবেন, তা মেনে নেবেন। তাহলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক- এমনটিই আওয়ামী লীগ চায় মন্তব্য করে দলটির এই নেতা বলেন, “আওয়ামী লীগ কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার আওয়ামী লীগ তা করবে।
“সংবিধান মেনেই নির্বাচন করা হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে স্বাধীন নির্বাচন কমিশনের গুরুত্ব অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না।”
এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদকে ‘খুব দায়িত্ববান মানুষ’ অভিহিত করে রাজ্জাক বলেন, “আমাদের রাষ্ট্রপতি খুব দায়িত্ববান মানুষ, আপনারা তার প্রতি আস্থা রাখতে পারেন।”
বৈঠকে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটি’ গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. আমীর খসরু মাহমুদ চৌধুরী।
“বর্তমান প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে জাতীয় ঐক্যমত দরকার। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনার পর আইন করে বা আইনের বাইরে হোক- সার্চ কমিটি গঠন করা যেতে পারে।”
ইডব্লিউজির নির্বাহী কমিটির সদস্য আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের পরিচালক আবদুল আলীম।
গোলটেবিলে অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী শাহদীন মালিক, আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আকরাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ, এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি হাসান এম মজুমদার, ফেমার সভাপতি মুনিরা খান, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপকা নাসিম আক্তার হোসেন, ইডব্লিউজির নির্বাহী সদস্য তালেয়া রেহমান, বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা মালেকা বানু অংশ নেন।
