২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে প্রশাসনের ‘নীরব’ ভূমিকার সরব প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুরের সময় প্রশাসনের ‘নীরব’ ভূমিকার প্রতিবাদে রাজপথে নেমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাম দলগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে সিপিবি এবং গণতান্ত্রিক বাম মোর্চা। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদও বিক্ষোভ দেখায়।

বিকালে সিপিবির সমাবেশে দলের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বললেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

“সরকার সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় প্রশাসন সাম্প্রদায়িক অপশক্তিকে সমাবেশের অনুমতি দিয়ে হামলা চালানোর সুযোগ করে দিয়েছে।”

২০১৩ সালের মে মাসে শাপলা চত্বর এলাকায় তাণ্ডব চালানো হেফাজতে ইসলামকে ‘পৃষ্ঠপোষকতা দিয়ে’ সরকার সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেন সিপিবি নেতা।

জাফর আহমেদ বলেন, “আমরা সরকারের কাছে এ ধরনের এ ঘটনায় বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক হামলার ঘটনায় উস্কানি দিয়েছে, তাদেরও খুঁজে বের করার দাবি জানাচ্ছি।”

সমাবেশে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, মিহির ঘোষ ও শাহীন রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী সোহেল, লুনা নূর উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি মিছিল বের করে সিপিবি।

সিপিবির পর একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা।

সমাবেশে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি মোশরেফা মিশু বলেন, “জনগণের ভোট ছাড়া অনির্বাচিত সরকারের হাতে কোনো মানুষই নিরাপদ নয়।

“যখন হামলা হয় তখন প্রশাসন কোথায় ছিল? আমরা পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছি, পুলিশ সেখানে উপস্থিত থাকলেও নীরব ভূমিকায় ছিল।”

হামলাকারীদের পাশাপাশি প্রশাসনের মধ‌্যে যারা গাফিলতি দেখিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান মিশু।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আবদুস সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভুঁইয়া বক্তব্য দেন।

এর আগে সকালে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার চেয়ে মানববন্ধন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

পুরনো খবর:

নাসিরনগরে হামলা ঠেকাতে ‘নিষ্ক্রিয়’ ছিল পুলিশ