উন্নয়নের সুফল তুলতে ভর ছাত্রলীগ-অভিজ্ঞদের উপর
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আওয়ামী লীগের গত কমিটিতে ছিলেন অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ছিলেন সাংস্কৃতিক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ছিলেন সাংগঠনিক সম্পাদক; নতুন কমিটিতে তারা কেউই নেই, যদিও তারা আস্থা হারিয়েছেন এমন কোনো ইঙ্গিতও নেই।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বাদ দিলে ক্ষমতাসীন দলটির নতুন সম্পাদকমণ্ডলী হয়েছে সম্পূর্ণ মন্ত্রীবিহীন। অর্থাৎ দলের সাংগঠনিক কাজ এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব যাদের উপর, তাদের উপর নেই সরকারের কোনো ভার।
মন্ত্রী মতিউর রহমান ও দুই প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও জুনাইদ আহমেদ পলকও কার্যনির্বাহী সদস্য পদ হারিয়েছেন। ২৮ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে মাত্র দুজন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম মন্ত্রী রয়েছেন।
সভাপতিমণ্ডলীতে ১৪ জনের মধ্যে মন্ত্রী মাত্র পাঁচজন। তবে নীতি-নির্ধারণী এই ফোরামের তিন সদস্যের নাম এখন ঘোষণা হয়নি।
সম্পাদকমণ্ডলীতেও এখন চারটি পদ ফাঁকা আছে। তবে সে পদে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীকে আনার কোনো ইঙ্গিত নেই।
আওয়ামী লীগের নতুন কমিটির মধ্য দিয়ে দৃশ্যত সরকারের পরিকল্পনা বাস্তবায়নে দলকেও সক্রিয় করতে দলীয় প্রধান শেখ হাসিনার যে তাগিদ ছিল, তার প্রতিফলনই ঘটেছে।
নতুন সম্পাদকমণ্ডলীর বৈঠকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা (সরকার) আর্থ-সামাজিক উন্নয়ন করব, দল আমাদের সহযাগিতা করবে।”
নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কণ্ঠেও একই সুর- “উন্নয়ন ত্বরান্বিত করতে হলে পার্টিকে তার সঙ্গে তাল মেলাতে হবে। সরকার শক্তিশালী, দল দুর্বল- এ অবস্থায় আমরা উন্নয়নের ফসল ঘরে তুলতে পারব না। এ লক্ষ্যেই এবার কার জাতীয় সম্মেলন।”
সাধারণ সম্পাদক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের
সেই সঙ্গে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আনার কাজটিতেও নির্ভার ব্যক্তিদের হাতে দিতে শেখ হাসিনার চাওয়ার প্রতিফলন ঘটেছে।
আর এই দুই পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা ভরসা করছেন ছাত্রলীগের এক ঝাঁক সাবেক নেতার উপর। কমিটিতে ছাত্রলীগের এত প্রাধান্য আগে দেখা যায়নি।
সাধারণ সম্পাদক কাদের ছাত্রলীগের সভাপতি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক চারজনের মধ্যে দুজন জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক।
সাংগঠনিক সম্পাদকদের প্রায় সবাই বিভিন্ন সময় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন। এনামুল হক শামীম ছিলেন সভাপতি। সহ-সভাপতি ছিলেন আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন। যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বি এম মোজাম্মেল হক। খালিদ মাহমুদ চৌধুরী দপ্তর সম্পাদক ছিলেন।
আওয়ামী লীগের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতাদের নেতা হিসেবে পরিচিত ওবায়দুল কাদের। আওয়ামী লীগের হয়ে ছাত্রলীগকে দেখাশোনার দায়িত্ব তার উপরই ছিল।
তবে নতুন কমিটিতে কাদেরের কাছের নেতাদের পাশাপাশি তার সমালোচনাকারীদের স্থান দেওয়াকে এক ধরনের ভারসাম্য রক্ষার চেষ্টা মনে করছেন দলটির নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন এসেছেন সম্পাদকমণ্ডলীতে
মাত্র এক দশক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসা দেলোয়ার হোসেনকে বন ও পরিবেশ সম্পাদকের দায়িত্ব দেওয়াকে অনেকেই চমক হিসেবে দেখছেন।
দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, “দুঃসময়ে দলের জন্য কাজ করেছি। নেত্রী যথাযথ মূল্যায়ন করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
দেলোয়ারের আগে বিএনপি শাসনামলে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালনকারী মারুফা আক্তার পপির কৃতজ্ঞতাও দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি- “মূল্যায়ন পেয়েছি, আমি কৃতজ্ঞ।”
কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। উপ-প্রচার সম্পাদকের পদে আসা আমিনুল ইসলাম ছিলেন সহসভাপতি।
শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রসংসদের জিএস ছিলেন। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাতক রোকেয়া সুলতানা ছিলেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সম্পাদকমণ্ডলীর মতো কার্যনির্বাহী পরিষদেও নতুনদের মধ্যে অধিকাংশই ছাত্রলীগের সাবেক নেতা।
নজিবুল্লাহ হিরু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিলেন। নুরুল ইসলাম ঠাণ্ডু ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি।
আমিরুল ইসলাম মিলন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। গোলাম কবীর রব্বানী চিনু ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন, সেই সঙ্গে কেন্দ্রীয় সহসভাপতি। রিয়াজুল কবির কাওসার ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য। আনোয়ার হোসেন ছিলেন সহ-সভাপতি। ইকবাল হোসেন অপু সহ-সভাপতি ছিলেন। বিপ্লব বড়ুয়া ছিলেন সহ-সভাপতি।
শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরর নাম প্রস্তাবের পর কাউন্সিলরদের সমর্থন
নব্বই পরবর্তী ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতাকে কেন্দ্রীয় কমিটিতে এনে শেখ হাসিনা স্পষ্টতই দলকে গতিশীল করতে চাইছেন।
সেই সঙ্গে চট্টগ্রামের প্রবীণ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাংগঠনিক সম্পাদক পদে আসাটাও বড় চমক।
সম্পাদকমণ্ডলীতে সাবেক কমিউনিস্ট নূহ-উল আলম লেনিন বাদ পড়লেও তার জায়গায় একই ধারা থেকে আওয়ামী লীগে আসা নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আবদুল মান্নান খানের স্থান পাওয়াটা ছিল অপ্রত্যাশিত। কেননা গত কমিটিতে দপ্তর সম্পাদকের পদ থাকলেও শেষ দিকে দায়িত্ব পালন করতে পারেননি মান্নান খান।
মন্ত্রিসভার কাউকে না রেখে কাজের মাত্রা বাড়ানোর পাশাপাশি সভাপতিমণ্ডলীতে ভারসাম্য রেখে শেখ হাসিনা দৃশ্যত সরকার ও দলের কাজের মধ্যে সমন্বয় সাধন করবেন।
ওবায়দুল কাদের বলেন, “মন্ত্রীরা তাদের নিজেদের কার্যক্রম পরিচালনায় ব্যস্ত থাকেন। তাতে সম্পাদকমণ্ডলীর কাজটা তাদের বিঘ্নিত হয়।”
সরকারের উন্নয়নকাজের একটি বড় অংশ সড়ক ও পদ্মাসেতুকেন্দ্রিক হওয়ায় ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে সরকার ও দলের কাজটি সমন্বয়ের কাজটিই শেখ হাসিনা করতে চেয়েছেন।
আর সেই উদ্দেশ্যকে গুরুত্ব দিতে গিয়ে শেখ হাসিনা নিজের আস্থাভাজন সৈয়দ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ দিলেন বলে আওয়ামী লীগ নেতাদের ধারণা।
দুঃসময়ে দলের হাল ধরার পাশাপাশি কঠিন সময়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সৈয়দ আশরাফের প্রশংসা করলেও তার নাগাল না পাওয়ার অভিযোগ ছিল আওয়ামী লীগের কর্মীদের।
কাউন্সিলে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত উঁচিয়ে বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পাশে পুনর্নির্বাচিত সভাপতি শেখ হাসিনা
সেক্ষেত্রে ওবায়দুল কাদেরের কাছে তাদের যাতায়াত অবাধ। এছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওবায়দুল কাদের সমন্বয়ক হিসেবে ভালো কাজ করেছেন বলে মনে করেন তারা।
বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে বিপ্লব বড়ুয়া এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি রেমন্ড আরেংয়ের স্থান হয়েছে নতুন কমিটিতে।
দীপংকর তালুকদারকে কার্যনির্বাহী সদস্য পদে রাখা হলেও গুরুত্ব অনুযায়ী পাহাড়িদের প্রতিনিধিত্ব ঘটেনি বলেই দলটির পার্বত্যাঞ্চলের নেতারা মনে করেন।
আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি বলেও মনে করেন তৃণমূল নেতারা। কেননা কমিটির সদস্যদের মধ্যে বৃহত্তর ফরিদপুর জেলার আধিপত্য স্পষ্ট।
কাউন্সিলরদের দাবি থাকলেও কমিটিতে আসেননি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিদেশে থেকে দলের পদ ধরে রাখতে চান না বলে জানিয়ে দেন তিনি।
নতুন কমিটিতেও সংস্কারপন্থি হিসাবে পরিচিতদের জায়গা হয়নি। তা যে হবে না, তা নবম জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার কথায়ই স্পষ্ট ছিল, যেখানে তিনি বলেছিলেন, তিনি ক্ষমা করেছেন, তবে ভুলে যাননি।
দৃশ্যত সেই কারণেই নানা অভিযোগ থাকার পর জরুরি অবস্থার সময় অনুগত থাকা কামরুল ও মায়ার মন্ত্রিত্বের সঙ্গে কমিটিতে স্থানও রয়েছে।
তবে সাংবাদিক ও রাজনীতির বিশ্লেষক সৈয়দ বদরুল আহসানের মতে, এদের না রাখলেই ভাল হত।
তারপরও আওয়ামী লীগের নতুন কমিটি যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে, তা পূরণে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তাদের জোট শরিক ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন।
“সম্মেলনে যে প্রত্যাশা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আমি আশা করি, এই কমিটি সেই প্রত্যাশা পূরণ করবে।”
[প্রতিবেদনটি তৈরি করতে সহযোগিতা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক কাজী মোবারক হোসেন]
