২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ‌্যাস রক্ষা কমিটির মিছিলে পুলিশি হামলার নিন্দায় ফখরুল

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ভারতীয় হাই কমিশন অভিমুখে তেল-গ‌্যাস সম্পদ ও বিদ‌্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 09:27 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

এক বিবৃতিতে তিনি বলেছেন, “দেশে গণতান্ত্রিক অধিকার ভুলণ্ঠিত বলেই তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলে হামলা চালানো হল। এই হামলা নিঃসন্দেহে অমানবিক নিষ্ঠুরতা। পুলিশের এই হামলার কী ভাষায় নিন্দা জানাব, তা আমার জানা নেই।”

সুন্দরবনের কাছে ভারতের সঙ্গে যৌথ উদ‌্যোগে বাস্তবায়নাধীন এই প্রকল্প বাতিলের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা খোলা চিঠি হাই কমিশনে দিতে মঙ্গলবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে রওনা হয় তেল-গ‌্যাস রক্ষা কমিটি।

মালিবাগে মিছিলটি আটকে দিয়ে পুলিশ নাগরিক কমিটিটির নেতা-কর্মীদের জলকামান থেকে পানি এবং কাঁদুনে গ‌্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের হামলায় অন্তত ৩০ জন আহত হন বলে জানিয়েছেন কমিটির সদস‌্য সচিব আনু মুহাম্মদ।

ফখরুল বলেন, “জনবিচ্ছিন্ন সরকার এখন কেবল বিরোধী দলের আন্দোলন-সংগ্রামই নয়, দেশের স্বার্থে ন্যায়সঙ্গত দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরকেও রক্তাক্ত পন্থায় দমন করছে।”

তিনি আহতদের সুচিকিৎসা এবং দায়ী পুলিশ সদস‌্যদের শাস্তির দাবি জানান।

বামপন্থি দলগুলোর পর বিএনপিও রামপাল বিদ‌্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে। এই আন্দোলনে বিএনপির সমর্থন নিয়ে বাম দলগুলোর সমালোচনা করে আসছে আওয়ামী লীগ।

তার প্রতিক্রিয়ায় তেল-গ‌্যাস রক্ষা কমিটির নেতা আনু মুহাম্মদ তাদের আন্দোলনে বিএনপি আমলে আওয়ামী লীগের সমর্থনের বিষয়টি তুলে ধরেন। খালেদা জিয়ার সময় আন্দোলনকারীদের উপর হামলার কথাও বলেন তিনি।