২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল-রূপপুরের বিদ্যুৎপ্রকল্প দেশের স্বার্থবিরোধী: মোশাররফ

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র ও পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের প্রস্তাবিত দুটি প্রকল্প দেশের ‘স্বার্থবিরোধী’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 08:29 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

বৃহস্পতিবার বিকালে রাজধানীতে এক যুব সমাবেশে তিনি বলেন, “আমরা বিদ্যুৎ চাই, বিদ্যুৎ আমরা উৎপাদন করতে চাই কিন্তু তা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়। আজকে যদি রামপালে হয়, সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, এতে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া হবে।

“আজকে রূপপুরে পারমাণবিক কেন্দ্র প্রকল্প স্থাপনের জন্য সরকার এগুচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্র অতি উচ্চমূল্যে ঋণ দিয়ে করা হচ্ছে এবং এদেশের মানুষের ঘাড়ে উচ্চ মাত্রায় সুদের বোঝা চাপিয়ে দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। এসব জাতীয় স্বার্থবিরোধী।”

বর্তমান সরকারকে ‘জাতীয় স্বার্থ’ ও ‘গণতন্ত্র’ বিরোধী সরকার আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানান সাবেক জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী খন্দকার মোশাররফ।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে এই যুব সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

এতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘স্বৈরাচারী’ ও ‘ফ্যাসিবাদী’ সরকার বলে আখ্যায়িত করেন বিএনপি নেতা মোশাররফ।

“আজকে জনগণের মনের কথা, তারা এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি চায়। এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি পাবার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণআন্দোলন গড়ে তুলতে হবে।”

সেই আন্দোলনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান এই বিএনপি নেতা।

আগামী নির্বাচন নিরপেক্ষ করতে দলের অবস্থান তুলে ধরে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকতে হবে।

“তাহলেই জনগণ একমাত্র তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারবেন, দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ নির্বাচন আখ্যায়িত করে ফের ওই রকম একতরফা নির্বাচন ও পছন্দমতো নির্বাচন কমিশন গঠন করা হলে জনগণ তা মেনে নেবে না বলে বর্তমান সরকারে থাকা মহাজোটভুক্ত দলগুলোকে হুঁশিয়ারি দেন তিনি।

নিরপক্ষ নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার প্রস্তাব প্রসঙ্গে বিএনপি নেতা মোশাররফ বলেন, “এই পর্যন্ত সংসদে প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে জনগণের সমর্থন নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।

“গণতন্ত্রের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে হবে।”

সিলেটে এক ছাত্রলীগ নেতার আক্রমণে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের সঙ্কটাপন্ন অবস্থার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠনটির সমালোচনা করেন বিএনপি নেতা মোশাররফ।

তিনি বলেন, “কয়েকদিন আগে খাদিজাকে কী নির্মমভাবে দা দিয়ে কুপিয়ে তাকে আহত করেছে। সে আজকে জীবনের সাথে পাঞ্জা লড়ছে। এত জঘন্য, এত বর্বর মানসিকতা একমাত্র ছাত্রলীগের নেতাদের পক্ষেই ধারণ করা সম্ভব।

“কেননা তারা দেখছে তাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের মতামত না নিয়ে, ভোট না নিয়ে যা-ইচ্ছা তা করছেন, গায়ের জোরে তিনি দেশ পরিচালনা করছেন। সেজন্য আজকে ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মীরা সাহস পাচ্ছে, যা-ইচ্ছা তা করে বেড়াচ্ছে। খাদিজা বেগম তার একটি মাত্র উদাহরণ।”

ঢাকায় স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন খাদিজাকে দেখতে গিয়ে তোলা সেলফি ফেইসবুকে পোস্ট করে তোপের মুখে থাকা অপু উকিলসহ যুব মহিলা লীগের তিন নেত্রীরও সমালোচনা করেন এই বিএনপি নেতা।

“এই নির্মম একটি নির্যাতন (খাদিজার ওপর) হয়েছে, অত্যাচার হয়েছে; তার প্রতিবাদ না জানিয়ে সরকারি দলের মহিলা নেত্রীরা আইসিইউতে গিয়ে তার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। এই হচ্ছে আওয়ামী লীগের মনোবৃত্তি।”

সরকার বিএনপিকে ‘নিশ্চিহ্ন’ ও ‘দুর্বল’ করতে নেতাকর্মীদের বিরুদ্ধে ‘অসংখ্য মিথ্যা মামলা’ দিয়ে সারা দেশকে ‘বৃহত্তর কারাগারে’ পরিণত করেছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

একসঙ্গে দলের ভাইস চেয়ারম্যান নেতা আবদুস সালাম পিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তিনি।

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে ও পরিচালনায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আবদুল খালেক, রবিউল ইসলাম লাভলু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রফিকুল আলম মজনু এবং এসএম জাহাঙ্গীরসহ অন্যরা বক্তব্য রাখেন।