বদরুলের কঠিন শাস্তি চায় মহিলা দল
সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের কঠিন শাস্তি দাবি করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
বিএনপির সহযোগী সংগঠনটি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানায়।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, “খাদিজাকে যে ছাত্রলীগ নেতা চাপাতি দিয়ে কুপিয়েছে, তাকে শুধু গ্রেপ্তার করে কারাগারে নিলেই চলবে না, তার দ্রুত বিচার ও কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।”
সোমবার বিকালে সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে হামলার শিকার সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা এখন এখন ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বুধবার তাকে দেখে আসেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।
খাদিজার উপর হামলার ঘটনায় বদরুলকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তিনি সিলেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মহিলা দলের মানববন্ধনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী সকলে নারী, তারপরও যত্রতত্রভাবে নারী নির্যাতন, নারী ধর্ষণ- এটা একটা নজির হয়ে দাঁড়িয়েছে এই সরকারের আমলে।”
ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের পুলিশ ধরছে না বলে তারা একের পর এক অপরাধ করেও পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাব, খাদিজার বিষয়টি যেন তনুর (কুমিল্লা সেনানিবাসে হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনু) মতো হারিয়ে না যায়।”
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভানেত্রী রাজিয়া আলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আখতার, মহিলা দলের কেন্দ্রীয় নেতা খালেদা ইয়াসমীন, পেয়ারা মোস্তফা, আমেনা বেগম, বেগম শামসুন্নাহার, রোকেয়া সুলতানা তামান্না বক্তব্য রাখেন।
