২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাসের রাজত্ব চলছে: ফখরুল

সরকার দমনীতির মাধ্যমে ‘ত্রাস’ সৃষ্টি করে দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 01:19 AM

Updated : 20 Aug 2022, 01:50 PM

সোমবার বিকালে ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “আমাদের কর্মীরা নিজেদের বাড়িতে থাকতে পারে না, তারা বাড়ি ছেড়ে চলে এসেছে। এরকম একটা অবস্থা সরকার তৈরি করেছে।

“১০ হাজারের নেতা-কর্মী এখন কারাগারে। তারা অবলীলায় মানুষ হত্যা করছে, তরুণদের হত্যা করছে। আজ দেশটাকে তারা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।”

“এরকম ভয়ংকর একটা অবস্থা তৈরি করে, ত্রাসের রাজত্ব তৈরি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা বিশ্বাস করি, গণবিচ্ছিন্ন সরকার নির্যাতন করে ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারবে না,”বলেন তিনি।

রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনেঢফাকা মহানগর বিএনপির উদ্যোগ দলের জ‌্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এই সমাবেশ হয়।

ফখরুল বলেন, সরকার তারেক রহমানকে ‘ভয় পায়’ বলে একটার পর একটা ‘মিথ্যা’ মামলা দিচ্ছে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে সাজা দেওয়া এবং তার সম্পত্তি ক্রোক করার সমালোচনাও করেন বিএনপি মহাসচিব।

৯ বছর ধরে কারাবন্দি ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কয়েকদিন আগে তার বড় মেয়ের বিয়ে হল। তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আদালত হুকুম দিয়েছিল, এই সরকারের স্বরাষ্ট্র সচিব সেই নির্দেশ তামিল করে নাই।

“বোঝেন, সরকার ও রাষ্ট্র কোন জায়গায় এসে পৌঁছেছে যে আদালতের হুকুমের পরও তাকে সেদিন প্যারোলো মুক্তি দেওয়া হয়নি।”

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী বক্তব্য দিয়েছেন যে, ভারত ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে এসেছিল, তারা আমাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অপমান করার মতো একটা অবস্থা তৈরি করেছে।

“এভাবে যদি তারা (ভারত) চিন্তা করে তাহলে ভুল করবে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, সেই সম্পর্ক পারস্পরিক সমতার ভিত্তিতে হতে হবে।”

সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “সরকার জনগণকে ভয় পায় সেজন্য তারা নির্বাচনকে ভয় পায়।

“নতুন নির্বাচন কমিশন করবেন, আমরা বলেছি আলোচনার কথা আর আপনারা বললেন যে, কোনো অবস্থাতে বিএনপির সঙ্গে আলোচনা করা যাবে না।বিএনপি কী ভাইসা আসছে না কি যে তার সাথে আলোচনা করবেন না। আলোচনা করতে বাধ্য হবেন।”

সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন।

এছাড়া মহানগর বিএনপির কাজী আবুল বাশার, যুব দলের আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের মীর সরফত আলী সপু, মহিলা দলের হেলেন জেরিন খানও বক্তব্য রাখেন।