২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানবীর রওজা জিয়ারত করতে মদিনায় খালেদা জিয়া

মক্কায় কাবা শরীফে বিদায়ী তাওয়াফ শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করতে মদিনা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে ছেলে ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরাও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 06:35 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

হজের আনুষ্ঠানিকতার পর তিনদিন মিনার রাজকীয় প্যালেসে অবস্থান করেছেন খালেদা। শুক্রবার তিনি কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করে রাতে মদিনায় পৌঁছেন বলে বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী শরীফ শাহ কামাল তাজ জানিয়েছেন।

তিনি বলেন, “ম্যাডাম বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দা থেকে বিমানে মদিনায় পৌঁছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারতসহ মসজিদে নববীতে কয়েকদিন ইবাদত-বন্দেগী করবেন তারা।”

সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যরা এবার হজ করেন।

গত ৭ সেপ্টেম্বর হজ করতে বাংলাদেশ থেকে খালেদা জিয়া এবং লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দা পৌঁছেন।

খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। এর আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি উমরাহ পালন করেন।

তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির এটি প্রথম হজ। ২০১৪ সালে তারা খালেদা জিয়ার সঙ্গে উমরাহ করেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার উপদেষ্টা কাউন্সিলের সদস‌্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমা বেগমও হজ করেন।

তারেক রহমানের শ্বাশুড়ি ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান বিন্দু ও স্বামী সৈয়দ শফিউজ্জামানও এবার হজ করেছেন।

২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার।