২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে নিয়ে ইনুর ছড়া

জঙ্গি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অন্ধ’ আখ্যা দিয়ে তাকে নিয়ে ছড়া আওড়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 07:39 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব জোটের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দেন ইনু।

তিনি বলেন, “জঙ্গিদের জন্য খালেদা জিয়ার দরদি কান্নায় মানুষের মন গলবে না। মানুষ জঙ্গিমুক্ত শান্তির বাংলাদেশ চায়। খালেদা জিয়া প্রমাণ করেই চলেছেন যে, তিনি জঙ্গিদের পার্টনার, অশান্তির রাণী। দেশের শান্তি, মানুষের শান্তি খালেদা জিয়ার সহ্য হয় না।

“জঙ্গিরা খারাপ, খালেদা জিয়া ভাল, খালেদা জিয়াকে গণতন্ত্রে জায়গা দিতে হবে; যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য দ্বৈততায় ভরা। জঙ্গি খারাপ হলে, জঙ্গির পার্টনার খালেদা জিয়া ভাল হন কীভাবে?”

এ সময় বিএনপি নেত্রীকে নিয়ে ছড়া আওড়ে জাসদ সভাপতি বলেন, “জঙ্গিরা সব নির্দয়, নিজেরাই দেয় পরিচয়।

খালেদা কি কানা? জঙ্গি খুনি দেখেনা।”

যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে যুবকদের তিনটি কাজ করতে হবে- জঙ্গিবাদ ও জঙ্গিবাদের রাজনৈতিক পার্টনারদের রাজনৈতিকভাবে উচ্ছেদ করে দেশে শান্তি নিশ্চিত করা, যুবকদের জন্য মর্যাদাপূর্ণ জীবন ও কর্মসংস্থান অর্জন করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।”

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক শরিফুল কবির স্বপনের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, নাদের চৌধুরী, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, যুব আন্দোলনের সভাপতি মোশাহিদ আহমেদ ও যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স বক্তব্য দেন।