জঙ্গিদের অর্থায়নে একাত্তরের ঘাতকরা: কামরুল
বিদেশে অবস্থানরত একাত্তরের ঘাতক এবং তাদের পরিবার-পরিজনের সদস্যরা জঙ্গিদের অর্থায়ন করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “একাত্তরের ঘাতকদের সন্তান সন্তুতি, পরিবার পরিজন যারা দেশের বাইরে অবস্থান করছেন; ফাসির দণ্ড নিয়ে যারা বিদেশে অবস্থান করছেন; এই সমস্ত লোকদের পরিবারের যত অর্থ সম্পদ রয়েছে সেগুলো তারা জঙ্গিদের পিছনে ব্যয় করছেন।”
স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত আগস্ট, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক আলোচনা তিনি আরও বলেন, তাদের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“এদের উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা, অর্থনীতিকে পঙ্গু করা, উন্নয়ন এবং গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য বিদেশি হত্যা করা। এছাড়া এদের মূল টার্গেট হচ্ছে শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতিনিধি ও নেতা হিসেবে তিনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আন্তর্জাতিকভাবে নিজের যে অবস্থান তৈরি করছেন এটাই তাদের ইর্ষার মূল কারণ।”
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন তাদের মধ্যে গণতান্ত্রিক চরিত্র ছিল, কিন্ত ২০০১ সালে যখন তাদের মধ্যে জামায়াত ঢুকে গেল তখন তা নষ্ট হয়ে যায়।
সদ্য ঘোষিত বিএনপির কমিটি ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, “বাজার কমিটির মতো যারা কমিটি ঘোষণা করে তাদের সাথে ঐক্য গড়ার কোনো অবকাশ নেই।”
প্রধানমন্ত্রীর নেত্বত্বে দেশে আজ জাতীয় ঐক্য হয়ে গেছে বলেও মন্তব্য করেন কামরুল।
সংগঠনের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদন জাহাঙ্গীর কবির নানক, শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম ও বাংলাদেশ জমিয়তে ওলামা'র সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান চৌধুরী।
