‘গুপ্তহত্যা প্রতিরোধে চাই সামাজিক-রাজনৈতিক ঐক্য’
সংখ্যালঘু ও গুপ্তহত্যা প্রতিরোধে দেশব্যাপী সামাজিক-রাজনৈতিক ঐক্য তৈরির তাগিদ দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
স্বাধীনতাবিরোধী, ধর্মব্যবসায়ী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এসব ঘটনা ঘটাচ্ছে বলেও তাদের অভিযোগ।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বরে এক প্রতিবাদ সমাবেশে নাট্যব্যক্তিত্ব ও বিশ্ব আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার বলেন, “ধর্ম ব্যবসায়ীরা তরুণ প্রজন্মের একটি অংশকে বলছে, গুলির চেয়ে চাপাতি দিয়ে খুন করলে নাকি বেশি সওয়াব হবে। এদের নানাভাবে প্রলুব্ধ করা হচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, পৃথিবীতে কোনও ধর্মই সহিংসতা শেখায় না। প্রতিটি কোনও ধর্ম হত্যাকাণ্ড সমর্থন করে না।”
“সরকারের জঙ্গিবিরোধী কার্যক্রমে সাড়া দিয়ে এখন মৌলভিরা এগিয়ে আসছেন। তারা জঙ্গিবাদের বিরুদ্ধে বলছেন। এভাবেই শুরু করতে হবে। সামাজিক ও ও ধর্মীয় পর্যায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু সরকারের আশায় বসে থাকলে হবে না।”
একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তিটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বারবার ক্ষমতা দখলের চেষ্টায় মরিয়া হয়ে ‘টার্গেট কিলিং’এর মতো ‘জঘন্য’ উপায় বেছে নিয়েছে বলে মন্তব্য করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
তিনি বলেন, “ক্ষমতা দখলের নানা পাঁয়তারায় তারা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবর্মূতি ক্ষুণ্ন করছে। তারা বলে বেড়াচ্ছে, বাংলাদেশ এখন মুক্তমনা মানুষ, সংখ্যালঘু ও বিদেশিদের জন্য মোটেও নিরাপদ নয়। এতে দেশের অপমান হোক, তাতে তাদের কিছু আসে যায় না।
“গুপ্তহত্যার প্রতিবাদ, প্রতিরোধে সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ জরুরি।”
গোলাম কুদ্দুছ বলেন, “আমরা ভেবেছিলাম, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে যাবেন স্থানীয় সংসদ সদস্যরা। কিন্তু তারা অনেক দেরিতে যাচ্ছেন। আমরা আশা করব, তারা নিজেদের এলাকাতে জোরালো প্রতিবাদ গড়ে তুলবেন। নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন তারা।”
সমাবেশে একাত্মতা জানাতে এসে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজারে ইসলাম সুইট বলেন, “পাকিস্তানি ভাবাদর্শে পরিচালিত রাজাকার দলটি রাজনৈতিক ছত্রছায়ায় পুষ্ট হয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় তারা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে।”
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সম্পাদকমণ্ডলীর সদস্য নিগার চৌধুরী বলেন, “একাত্তরের বিপর্যয়ের দিনে আমরা শত্রুকে চিনতাম। এখন কারা আমাদের শত্রু তা বুঝতে পারার পরেও নির্দিষ্ট করে বলতে পারছি না, কারা আমাদের শত্রু। আমার মনে হয় না, আইনশৃঙ্খলা বাহিনী একা এই সমস্যার সমাধান করতে পারবে না। তাদের পাশাপাশি গণমানুষের সচেতনতা ও আন্দোলনই পারবে তাদের প্রতিহত করতে।”
পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস বলেন, “হত্যাকারীরা একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য। মাদারীপুরে শিক্ষকের ওপর হামলাকারীও স্বীকার করেছে, সে একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সদস্য। কারা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে তা কিন্তু স্পষ্ট। সরকারকে তাদের ব্যাপারে কঠোর অবস্থানে যেতে হবে।”
নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, “কোথাও অপরাধ হতে দেখলে তা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেও পুলিশের কাজ অনেক সহজ হয়।”
লেখক, গবেষক ও প্রাবন্ধিক মফিদুল হক বলেন, “ধর্মের নামে ভয়ংকর নৃশংসতায় আদতে ধর্মকে অবমাননা করা হচ্ছে, কলঙ্ক লেপণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, মুক্তির স্বপ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে তারা ছিন্নভিন্ন করতে চায়। রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি তাই এখন সামাজিক-রাজনৈতিক বন্ধনই পারবে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।”
বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী বলেন, “মুক্তিযুদ্ধের চার মূলনীতির বাইরে আমরা কখনও যাইনি, যাব না। ইতিহাসের বাঁকবদল স্বাক্ষ্য দেয়, আমরা প্রতিবারই নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। স্বাধীনতাবিরোধী অপশক্তিটি যদি মনে করে, আমরা চুপ করে আছি-নির্লিপ্ত, তবে তারা খুব ভুল করবে। তাদের নগ্ন কার্যকলাপে আমাদের এতদিনের অর্জন কোনোভাবেই ধূলিস্যাৎ হতে পারে না।”
