ভোটে অনিয়মের নালিশ নিয়ে ইসিতে বিএনপি
কেন্দ্র দখলের ‘মহোৎসবের’ অভিযোগের পর ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ ভোটে নানা অনিয়মের অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়েছে বিএনপি।
সিইসির সঙ্গে আধা ঘণ্টার বৈঠক শেষে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, “সিইসিকে আমরা বলেছি- এ ইউপি ভোটে আমাদের উপলব্ধি হয়েছে আপনাদের ও এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রমাণ হয়েছে- তত্ত্বাবধায়ক সরকার থাক, সুষ্ঠু নির্বাচনের জন্য এখন দরকার নির্দলীয় ব্যবস্থা।”
পঞ্চম ধাপ পর্যন্ত সহিংসতায় শতাধিক মৃত্যুর পর শনিবার ষষ্ঠ ও শেষ ধাপে ৬৯৮টি ইউনিয়নে ভোট হয়।
শনিবার ভোটগ্রহণ শুরুর পরপরই নড়াইলের লোহাগড়ায় একটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এক প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
ভোট শুরুর তিন ঘণ্টা পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, এই ধাপের ভোটেও কেন্দ্র দখলের ‘মহোৎসব’ চলছে।
ষষ্ঠ ধাপে ভোটের সহিংসতায় বিকাল পর্যন্ত নোয়াখালী, ফেনী ও ময়মনসিংহে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
আগে ধাপগুলোর ভোটেও অনিয়মের অভিযোগ সিইসির কাছে জানিয়েছিল বিএনপি।
বিএনপিনেত্রী সেলিমা রহমান বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন নয়। এ সরকারের অধীনে কাজ করছে ইসি। কমিশন যদি স্বাধীনই হতো তাহলে এ সহিংসতা রোধ করা যেত। ভোটে সব অনিয়ম সহিংসতার দায় নির্বাচন কমিশনের, এ সরকারের।”
প্রতিবারই সিইসির কাছে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
“সিইসি বরাবরের মতো বলতে থাকেন- আমরা ব্যবস্থা নিচ্ছি, আগামীতে উন্নতি হবে পরিস্থিতি। বাস্তবে সেই একই চিত্র- সহিংসতা, অনিয়ম, দখল অব্যাহত রয়েছে।”
বর্তমান ইসির অধীনে আগামী স্থানীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা জানতে চাইলে সেলিমা বলেন, “এ নিয়ে দল সিদ্ধান্ত নেবে পরবর্তীতে। আমরা ইউপি দেখেছি, সব পর্যালোচনা করে দলীয় ফোরাম সিদ্ধান্ত দেবে।”
