২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রধানমন্ত্রী: রিজভী

‘ওয়ার্ল্ড এক্সপো-২০২০’ এর আয়োজক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে রাশিয়াকে সমর্থন দেওয়ায় সরকারের সমালোচনা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 11:38 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মধ্যপ্রাচ্যের দেশটিকে সমর্থন না দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম বিশ্ব থেকে ‘বিছিন্ন’ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশের বৃহত্তম জনগোষ্ঠির কাছে আর পৃথিবীর মুসলিম বিশ্বের কাছে আপনি (শেখ হাসিনা) এরকম বিচ্ছিন্ন। আমাদের দেশ থেকে মালয়েশিয়া এখন আর শ্রমিক নেয় না, সংযুক্ত আরব আমিরাতও শ্রমিক নেয় না।”

“আপনি আজকে আসলাম চৌধুরীকে নিয়ে ইজরাইল আর মোসাদ মোসাদ বলছেন। তাহলে সেদিন কেন আপনি রাশিয়াকে সমর্থন করলেন, আপনি সংযুক্ত আরব আমিরাতের মতো একটা মুসলিম দেশকে সমর্থন করেননি, রাশিয়াকে সমর্থন দিয়েছেন।”

২০১৩ সালে প্যারিসে আন্তর্জাতিক প্রর্দশনী ব্যুরোর ১৫৪তম সাধারণ অধিবেশনে ভোটাভোটির মাধ্যমে এক্সপো-২০২০ এর স্বাগতিক দেশ নির্ধারণ হয়।

ব্রাজিলের সাও পাওলো, রাশিয়ার একাভেরিনবার্গ, থাইল্যান্ডের আয়ুথায়া, তুরস্কের ইজমির ও সংযুক্ত আরব আমিরাতের দু্বাই ২০১১ সালের নভেম্বরে এক্সপো-২০২০ এর প্রার্থিতা ঘোষণা করেছিল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে বিরোধী আন্দোলনে গুম, খুন ও নিগ্রহের শিকার নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী হেলপ সেল নামে একটি সংগঠন।

অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে বিরোধী আন্দোলনে নিহত ও নিখোঁজ চার ছাত্রদল নেতার পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুসলিম ‘বিদ্বেষী’ বলে অভিহিত করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, “এটাকে আড়াল করার জন্য ইজরাইল, ইহুদি আর মুসাদের কল্পকাহিনী এখানে তৈরি করছেন।

“মুসলিম বিশ্ব ও বাংলাদেশের মানুষকে দেখানোর চেষ্টা করছেন- বিএনপি হচ্ছে ইহুদিদের পক্ষে; তাদের একজন নেতা মুসাদের একজন লোকের সঙ্গে কথা বলেছেন। দুই দিন যাবত এ নিয়ে গণমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।”

এ ঘটনায় গণমাধ্যম ‘একপেশে’ ভূমিকা নিচ্ছে বলেও সমালোচনা করেন রিজভী।

বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে রোববার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে সাত দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

গত ৫ মার্চ যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে রিমান্ড আবেদনে বলা হয়, আসলাম সম্প্রতি ভারতে ‘ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন সদস্যের সঙ্গে’ বৈঠক করেন। তিনি ‘সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রে’ জড়িত বলে অভিযোগ রয়েছে।

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের একটি ছবি গণমাধ্যমে প্রকাশের পর থেকে এ নিয়ে আলোচনা শুরু হয়।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক মীর মো. হেলাল, জাতীয়তাবাদী হেলপ সেলের নুরুল আলম নুরু বক্তব্য রাখেন।