২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডান-বাম’ ভুলে ঐক্যের আহ্বান খালেদার

ডানপন্থি-বামপন্থি ভুলে সবাইকে ‘গণতন্ত্র ফিরিয়ে আনার’ আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 11:54 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক দুই নেতা ও ভাসানী স্মৃতি সংসদের এক নেত্রীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এ আহ্বান জানান বিএনপি প্রধান, যাদের জোটে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ডানপন্থি দল রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শনিবার রাতে এই অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “আমরা ঐক্যের ডাক দিয়েছি। আমরা ভুলে গেছি কে বাম কে ডান, কে কী। আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক। জিয়াউর রহমান যে গণতন্ত্র এনেছিলেন, সেই পথ ধরে আমরা এগিয়ে চলেছি।”

নতুন প্রজন্মকে ‘অন্যায়-অত্যাচারের’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি জহুরুল ইসলাম বাবু এবং ভাসানী স্মৃতি সংসদের সহ-সভানেত্রী ন্যান্সি রহমানের বিএনপিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়। খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তারা।

ঢাকা মহানগর, কুমিল্লার মতলব ও পাবনা সদরের কয়েকশ বিএনপি নেতা-কর্মী অনুষ্ঠানে অংশ নেন।

নবাগতদের অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেন, “যে প্রগতিশীল নেতারা আজকে যোগদান করলেন, তারা এ দলে কিসের জন্য যোগ দিয়েছেন? আমাদের দেশটাকে বাঁচাতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, দেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের কল্যাণ করতে হবে।

“যারা আজকে বিএনপিতে যোগদান করলেন আমি তাদের অভিনন্দন জানাই। আপনাদের যোগদানে আমরা উপকৃত হয়েছি।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেত্রী বলেন, “আওয়ামী লীগ নামক দলটির দৈত্যদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে। এরা মানুষ খেকো।

“এরা(আওয়ামী লীগ) মানুষকে শুধু হত্যা করতে জানে, গুম করতে জানে, মানুষের সম্পদ কেড়ে নিতে জানে। আর মানুষের ওপর জুলুম, অত্যাচার করতে জানে। দেশ ও জনগণ এদের কাছে বড় কথা নয়, এদের কাছে সবচেয়ে প্রিয় ‘আমি ক্ষমতায় থাকব, সারা জীবন ক্ষমতায় থাকব’।”

সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, “তার লেখনিতে হয়ত তাদের গায়ে জ্বালা হতো। সেজন্য মিথ্যা মামলা দিয়ে আজ তাকে আটক করা হয়েছে, বন্দী করা হয়েছে। এখন রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা কোন দেশে আছি?”

শফিক রেহমান, আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, ইটিভি’র চেয়ারম্যান আবদুস সালাম ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, “শুধু রাজনীতিবিদরা নিরাপত্তাহীনতায় ভুগছেন না। আজ জনপ্রিয় সাংবাদিকরাসহ বিভিন্ন পেশার মানুষসহ যারা একটু প্রগতিশীল, যারা একটু সচেতন তাদেরকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে মেধাশূন্য করে দেশটাকে একটা পঙ্গু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য।”

ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রসঙ্গ টেনে খালেদা জিয়া বলেন, বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন ‘সুষ্ঠু’ হবে না।

“আওয়ামী লীগ অবৈধ সরকার। এদের বিদায় নিতে হবে। আমাদের দাবি ছোট ও সহজ, আমরা কী চাই- এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ইউনিয়ন পরিষদেও তা দেখা গেছে। সেজন্য আমরা চাই,  হাসিনাকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করতে হবে।”

“আসুন লেভেল প্লেয়িং ফিল্ডে আমরা সবাই নির্বাচন করি। তারপর আমরা দেখি জনমত কী চায়,” সরকারের উদ্দেশ্যে বলেন তিনি।

দেশের বর্তমান অবস্থাকে সংকটজনক আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, “আমাদের কাছে বড় হলো- দেশ ও জনতা, ক্ষমতায় যাওয়া বড় নয়। তাদের দুঃখ-দুর্দশায় আমরা বসে থাকতে পারি না। আজকে দেশের মানুষের এই দুঃখ-দুর্দশা, গণতন্ত্রহীন অবস্থায় দেশকে ধ্বংস করে ফেলা হচ্ছে। যার জন্য আমরা যুদ্ধ করেছি, অনেক রক্ত দিয়েছি, সেই গণতন্ত্র আজকে আমাদের নস্যাৎ হতে চলেছে, শেষ হতে চলেছে।

“শুধু এক ব্যক্তির বা এক লোকের ক্ষমতায় থাকার বা ইচ্ছার জন্য।”

বিএনপিতে যোগ দেওয়া ছাত্রমৈত্রীর সাবেক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যারা কিছু ব্যক্তি যোগদান করেছেন, তারা অতীতে প্রগতিশীল, সাহসী গণতন্ত্রমনা মনে করেন এমন অনেকে বেঈমানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আপনারা হয়ত তাদের সকলে চেনেন, এক সময় তারা সহকর্মী ছিলেন।

“আজকে তারা যে কাজগুলো করছে বা যাদের সঙ্গে তারা রয়েছে; তারা সম্পূর্ণ আজ দেশের স্বার্থবিরোধী, জনগণবিরোধী, গণতন্ত্রবিরোধী অন্যায়-অপরাধ করে চলেছে।”

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অর্থ লোপাট ও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির কথা তুলে ধরে তিনি বলেন, “আজ ব্যাংকগুলো লুট করে দেশকে দেউলিয়া দেশ করে দেওয়ার অবস্থায় নিয়ে গেছে। নতুন প্রজন্মকে জেগে উঠতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য দেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা নুরুল হুদা, নিতাই রায় চৌধুরী, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, আলী নেওয়াজ খৈয়াম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, পাবনা জেলা সভাপতি কে এস মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।