ব্যর্থতা আড়ালে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে সরকার: বিএনপি
ব্যর্থতাকে আড়াল করতে সরকার মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমাদের জাতীয় প্রবৃদ্ধি (জিডিপি) নাকী এইবার প্রথম ৭ এর কোঠায় গিয়ে দাঁড়াবে। এটা সঠিক নয়। এটা রেকর্ডের ব্যাপার। আমরা যখন ক্ষমতায় ছিলাম ২০০৫-০৬ অর্থবছরে সেই সময়ে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৭।
“তার ধরাবাহিকতায় এর পরের অর্থবছরে ২০০৬-০৭ দখলদার সরকারের সেই সময়ে ৭ দশমিক ০৬ প্রবৃদ্ধি হয়েছিল। অথচ আজ আওয়ামী লীগ বলে দিলো প্রবৃদ্ধি ৭ এর কোঠায় নাকী বাংলাদেশ এই প্রথম যাচ্ছে।”
সরকার ‘নানা রকমের হিসাবের কল্পকাহিনী তৈরি করে’ জনগণকে বোকা বানাতে চাচ্ছে বলেও দাবি করেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই আলোচনা সভা হয়।
খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। এই সর্ববৃহৎ জাতীয়তাবাদী শক্তির ভাবমূর্তি নষ্ট করা, বিএনপিকে দুর্বল করার জন্য এই সরকার অনেকভাবে ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমানসহ আমাদের সকলের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
বিএনপির জনপ্রিয়তার ‘ভয়ে’ আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, “এই সরকারের জনভিত্তি নেই। তারা নৈতিকভাবে দূর্বল। সেজন্য আজ ব্যাংক লুট হয়, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ লুট হয়, পুঁজিবাজারের অর্থ লুট হয়। এরকম অবস্থা কোনো গণতান্ত্রিক সরকারের সময়ে সম্ভব নয়, এটা কেবল গণবিরোধী সরকারের সময়েই সম্ভব।”
সংগঠনের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির জ্যেষ্ঠ ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারন সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
