২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ধন্যবাদ কামরুলের

গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া আদালতে হাজির হয়ে জামিন নেওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 07:35 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, “আদালতকে সম্মান দেখিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন, এজন্য আমরা খালেদাকে ধন্যবাদ জানাই।”

তবে সেইসঙ্গে কামরুল বলেন, “কিন্তু এটা তার (খালেদার) আসল চেহারা না। তার আসল চেহারা হল জঙ্গিবাদ। আপনারা খেয়াল রাখবেন কখন কী হয়।”

নাশকতা ও দুর্নীতির চার মামলায় আত্মসমর্পণ এবং রাষ্ট্রদ্রোহের এক মামলায় আদালতের সমনে হাজিরা দিয়ে পাঁচ মামলাতে মঙ্গলবার জামিন নেন বিএনপি চেয়ারপারসন খালেদা।

আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “ভালো হয়ে যান, সৎভাবে চলুন। উল্টাপাল্টা করবেন না।”

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনের ‘গণস্বাক্ষর অভিযান দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই আলোচনা সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীও বক্তব্য রাখেন।

তিনি বলেন, “২০০৭ সালের আজকের এইদিনে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু হয়। মাত্র ১৫ দিনে ঢাকা শহর থেকে আমরা প্রায় ২৫ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করেছিলাম।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার।