২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাসদের ভাঙনে ‘সমস্যায়’ ১৪ দল

জাসদের ভাঙনের কারণে ১৪ দল সমস্যায় রয়েছে বলে স্বীকার করেছেন ক্ষমতাসীন এই জোটের সমন্বয়ক, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 10:45 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

তিনি বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেছেন, “জাসদ নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে আছি। সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, তবুও বলছি, জাসদকে আপনারা চাপ দিন যাতে ঐক্যবদ্ধ থাকে।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক জাসদ সম্প্রতি দলীয় কাউন্সিলে বিভেদ থেকে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটি অংশে নেতৃত্ব দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্য অংশে সাবেক সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির আলোচনা অনুষ্ঠানে জাসদের প্রসঙ্গটি তোলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।

তিনি বলেন, “কোনো অসাম্প্রদায়িক জোট এভাবে টিকে থাকতে পারে না। আমরা যেভাবে পারছি। এটা ১৪ দলের ঐক্যবদ্ধ থাকা এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার কারণেই সম্ভব হয়েছে। অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে কারও সাথে কোনো আপস করা হবে না।”

গণতন্ত্রী পার্টির সভাপতি আরশ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার বক্তব্য রাখেন।